পূর্ব শত্রুতার জেরে আমতলীতে যুবক খুন, উত্তেজনা

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ জুন : পূর্ব শত্রুতার জেরে দক্ষিণ ত্রিপুরার আমতলী থানা অধীন কাঁঠালতলী এলাকায় এক বিবাহিত যুবক খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য জোরদার তল্লাশি অভিযান চালাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাঁঠালতলী এলাকার বাসিন্দা সমীর দাসের সঙ্গে একই এলাকার স্বপন সূত্রধর ওরফে সপ্পার দীর্ঘদিনের বিরোধ ছিল। অভিযোগ, সেই শত্রুতার জের ধরেই সোমবার গভীর রাতে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়।

জানা গেছে, রাতে নিজের স্কুটি নিয়ে বাড়ি ফিরছিলেন সমীর দাস। পথে কাঁঠালতলী শনি মন্দির সংলগ্ন এলাকায় তাকে আটকানো হয়। অভিযোগ, সেখানে স্বপন সূত্রধর ধারালো অস্ত্র দিয়ে সমীর দাসের ওপর হামলা চালায়। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনার পর অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যায়। কিছু সময় পরে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় সমীর দাসকে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের খবর দেন। সঙ্গে সঙ্গে বিষয়টি আমতলী থানায় জানানো হয়।

খবর পেয়ে থানার ওসি পরিতোষ দাসের নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে ফরেনসিক বিশেষজ্ঞ দল ও ডগ স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন নমুনা সংগ্রহ করে। তদন্তকারীরা ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছেন।
মঙ্গলবার সকালেও এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, অভিযুক্ত স্বপন সূত্রধরকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ তল্লাশি অভিযান জোরদার করেছে। নিহত সমীর দাসের পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে সমস্ত সম্ভাব্য দিক খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *