মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৩ জুন : অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্তে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল চুড়াইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ। পণ্যবাহী ট্রাক থেকে প্রায় ১,২০০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সিরাপের আনুমানিক বাজারমূল্য ১২ লক্ষ টাকারও বেশি বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনায় ট্রাকের চালক ও সহচালককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে গুয়াহাটি থেকে আগরতলাগামী একটি পণ্যবাহী ট্রাক চুড়াইবাড়ি আন্তঃরাজ্য চেকপোস্ট অতিক্রম করার সময় কর্তব্যরত পুলিশ কর্মীদের সন্দেহ হয়। নিয়মিত চেকিংয়ের অংশ হিসেবে প্রথমে গাড়ির নথিপত্র পরীক্ষা করা হলেও পরে বিস্তারিত তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় ট্রাকের কেবিন এবং বিশেষভাবে তৈরি গোপন প্রকোষ্ঠ থেকে একের পর এক কফ সিরাপের কার্টন উদ্ধার হয়। পরে গণনা করে দেখা যায়, সেখানে মোট ১,২০০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ মজুত ছিল। অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা এই বিপুল পরিমাণ নেশাজাতীয় দ্রব্য উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



