স্কুটি নিয়ে যাওয়ার পথে মরা শালগাছ ভেঙে পড়ে বাবা-ছেলের মৃত্যু

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ জুন : পলাশবাড়ি থানার অন্তর্গত সানডুবি সংলগ্ন গুটিপথার এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় রাস্তার ধারে থাকা একটি শুকিয়ে যাওয়া শালগাছ হঠাৎ ভেঙে পড়ে স্কুটিতে থাকা বাবা-ছেলের ওপর। ঘটনাস্থলেই প্রাণ হারান কার্তিক রাভা (৩০) এবং তাঁর ১১ বছর বয়সি ছেলে ভৃগু রাভা। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, নিহতদের বাড়ি বরদুয়ার বাগান এলাকার শালসের গ্রামে। সোমবার সন্ধ্যায় তারা AS 25AB 1370 নম্বরের একটি স্কুটিতে করে চানডুবির মুদুকি-রাজাপাড়া সড়ক দিয়ে ফিরছিলেন। সেই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মৃত শালগাছ আচমকাই তাদের মাথার ওপর ভেঙে পড়ে। গাছের নিচে চাপা পড়ে বাবা ও ছেলে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পলাশবাড়ি পুলিশ, বন বিভাগের কর্মী, স্থানীয় বাসিন্দা এবং গ্রামের প্রধান উৎপল রাভা। পরে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।

এদিকে, এই হৃদয়বিদারক ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে নিহত পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। তাঁদের অভিযোগ, মির্জা-সানডুবি সড়কের বিভিন্ন অংশে রাস্তা প্রশস্ত করার নামে জীবন্ত গাছ কেটে ফেলা হলেও রাস্তার ধারে থাকা ঝুঁকিপূর্ণ মৃত গাছগুলো এখনও অপসারণ করা হয়নি। সচেতন মহলের প্রশ্ন, এমন বিপজ্জনক গাছগুলি সরিয়ে পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দফতর কেন উদ্যোগী হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *