২২ জুন : উত্তরপ্রদেশের রাজধানী লখনৌয়ের আলিগঞ্জ এলাকায় সোমবার দুপুরে একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আগুন থেকে প্রাণ বাঁচাতে বহু ছাত্রছাত্রী দোতলার জানলা দিয়ে ঝাঁপ দেন, ফলে অনেকেই গুরুতর আহত হন। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
জানা গেছে, আলিগঞ্জের একটি জনপ্রিয় কোচিং সেন্টারে আচমকা আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের বাণিজ্যিক ভবনের একাংশে ছড়িয়ে পড়ে। ভবনের দোতলায় কোচিং সেন্টার, পাশাপাশি একটি গেমিং জোন এবং নিচতলায় একটি পেট শপ ছিল। ঘটনার সময় কোচিং সেন্টারে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, আগুন লাগার পর ঘন ধোঁয়ায় মুহূর্তের মধ্যে ভবনটি ঢেকে যায়। সিঁড়ি দিয়ে নামার পথ বন্ধ হয়ে পড়ায় বহু পড়ুয়া জানলা দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন। কেউ দোতলা থেকে সরাসরি ঝাঁপ দেন, আবার কেউ বৈদ্যুতিক তার বা কার্নিশ ধরে নামতে গিয়ে নিচে পড়ে যান। এতে বহু শিক্ষার্থী গুরুতরভাবে আহত হন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, আগুনে দাউদাউ করে জ্বলছে ভবনটি। আতঙ্কিত ছাত্রছাত্রীরা জানলা দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করছেন। একটি ভিডিওতে দেখা যায়, এক পড়ুয়া ভাঙা জানলার কার্নিশে দাঁড়িয়ে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। প্রাথমিক তথ্য অনুযায়ী, অন্তত পাঁচ থেকে সাতজনের হাত-পা ভেঙেছে এবং আরও অনেকে গুরুতর জখম হয়েছেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল, পুলিশ ও উদ্ধারকারী দল। একাধিক দমকল ইঞ্জিন মোতায়েন করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়। আটকে পড়া ছাত্রছাত্রীদের উদ্ধারে ব্যাপক তৎপরতা শুরু হয়। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভবনের ভিতরে আর কেউ আটকে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি পোষ্য প্রাণীকেও।
প্রশাসনের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট বা বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। ভবনটির অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা ও প্রয়োজনীয় অনুমোদন ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অন্যদিকে, নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোক ও উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে।



