মন্ত্রী কৃষ্ণেন্দু পালের আগমনে চেরাগীতে উৎসবের আবহ, শেরপুর এমপ্যাক্স-এর সংবর্ধনা

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২১ জুন : দ্বিতীয়বারের মতো আসাম সরকারের মন্ত্রিসভায় স্থান পাওয়ার পর প্রথমবার নিজ নির্বাচনী কেন্দ্র পাথারকান্দিতে ফিরলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তাঁর আগমনকে কেন্দ্র করে রবিবার দক্ষিণ করিমগঞ্জের চেরাগী এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শেরপুর বহুমুখী প্রাথমিক কৃষি ঋণ সমবায় সমিতি লিমিটেড (এমপ্যাক্স)-এর উদ্যোগে তাঁকে ফুল, গামছা ও মালা দিয়ে উষ্ণ সংবর্ধনা জানানো হয়।
চেরাগীস্থিত শেরপুর এমপ্যাক্স কার্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে আয়োজিত অনুষ্ঠানে সমিতির কর্মকর্তা, সদস্য ও শুভানুধ্যায়ীরা মন্ত্রীকে আন্তরিক অভ্যর্থনা জানান। সকাল থেকেই এলাকাজুড়ে ছিল উৎসাহ-উদ্দীপনা। জাতীয় সড়কের দুই পাশে ভিড় জমায় সাধারণ মানুষ, করতালি ও শুভেচ্ছায় মুখর হয়ে ওঠে গোটা এলাকা।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় কৃষ্ণেন্দু পাল জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য এলাকা উন্নয়ন এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের দায়িত্ব পেয়েছেন। তাঁর এই দায়িত্বপ্রাপ্তি বরাক উপত্যকার উন্নয়নকে নতুন গতি দেবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার করিমগঞ্জে পৌঁছানোর পর রবিবার তিনি জেলা সদর থেকে বিশাল মোটরসাইকেল ও গাড়ির র‌্যালি সহকারে পাথারকান্দির উদ্দেশ্যে যাত্রা করেন। যাত্রাপথের বিভিন্ন স্থানে সমর্থক ও শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর এমপ্যাক্স-এর চেয়ারম্যান মকবুল হক, সম্পাদক সাজার হোসেন, সদস্য ওয়াহিদ আহমেদ, বিশিষ্ট ঠিকাদার নাছির উদ্দিন, সমাজসেবী দিলু খানসহ এলাকার বহু গণ্যমান্য ব্যক্তি। বক্তব্যে সম্পাদক সাজার হোসেন বলেন, বরাক উপত্যকার উন্নয়নের ক্ষেত্রে কৃষ্ণেন্দু পালের নেতৃত্ব নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *