২১ জুন : ২০১৪ সালে বিশ্বকাপ জয়ের পর ফুটবলের সর্বোচ্চ মঞ্চে দীর্ঘ এক দুঃসময় পার করতে হয়েছে জার্মানিকে। চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা ২০১৮ ও ২০২২—টানা দুই বিশ্বকাপেই গ্রুপ পর্বের বাধা টপকাতে ব্যর্থ হয়েছিল। অথচ এর আগে বিশ্বকাপ ইতিহাসে কখনও প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়নি ইউরোপের অন্যতম সফল দলটিকে।
সেই হতাশার অধ্যায় পেছনে ফেলে এবার নতুন স্বপ্ন নিয়ে বিশ্বকাপে এসেছে জার্মানি। দীর্ঘদিনের কোচ জোয়াকিম লোর যুগ শেষ হওয়ার পর প্রথমবার বিশ্বকাপে দলের দায়িত্বে আছেন জুলিয়ান নাগেলসম্যান। কাই হাভার্টজ, জামাল মুসিয়ালাদের মতো প্রতিভাবান ফুটবলারদের নিয়ে গড়া দলটি শুরু থেকেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিচ্ছে।
প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে অভিযান শুরু করেছিল জার্মানরা। শনিবার দ্বিতীয় ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে অবশ্য শুরুতে ধাক্কা খেতে হয় তাদের। প্রথমে গোল হজম করে পিছিয়ে পড়লেও আগের দুই বিশ্বকাপের তিক্ত স্মৃতির পুনরাবৃত্তি হতে দেয়নি নাগেলসম্যানের শিষ্যরা।
ডেনিজ উনদাভের দুর্দান্ত জোড়া গোলে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় জার্মানি। টানা দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট অর্জনের ফলে ১২ বছর পর আবারও বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
উল্লেখ্য, সর্বশেষ যখন জার্মানি বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছিল, তখন তারা শিরোপা জিতেই আসর শেষ করেছিল। এবারও তাই জার্মান সমর্থকদের প্রত্যাশা, নাগেলসম্যানের দল সেই সাফল্যের পুনরাবৃত্তি ঘটিয়ে আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে উঠবে।



