স্বচ্ছতার পথে নতুন মাইলফলক লোয়াইরপোয়ায়, গ্রামীণ বর্জ্য ব্যবস্থাপনায় যুক্ত হল আধুনিক ভ্যান রিকশা

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৯ জুন : গ্রামীণ এলাকায় পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে লোয়াইরপোয়া উন্নয়ন খণ্ডে শুরু হলো আধুনিক বর্জ্য সংগ্রহ ব্যবস্থা। শহরের আদলে এবার গ্রামাঞ্চলের হাট-বাজার ও জনবসতিপূর্ণ এলাকায় নিয়মিত আবর্জনা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ), অসম-এর অধীনে শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আবর্জনা সংগ্রহের জন্য বিশেষ ভ্যান রিকশা বিতরণ করা হয়েছে।

জানা গেছে, বাজারিছড়া গ্রাম পঞ্চায়েতের জন্যও একটি আধুনিক বর্জ্য সংগ্রহকারী ভ্যান রিকশা বরাদ্দ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী প্রতি সপ্তাহে অন্তত দু’দিন বাজারিছড়া ও কালাছড়া বাজার এলাকার রাস্তার ধারে জমে থাকা আবর্জনা এবং স্থানীয় বাসিন্দাদের বাড়ির বর্জ্য সংগ্রহ করা হবে। পরে সেগুলি নির্দিষ্ট ডাম্পিং জোনে নিয়ে গিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে নিষ্পত্তি করা হবে।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে বাজার ও জনবহুল এলাকায় অনিয়ন্ত্রিতভাবে আবর্জনা ফেলার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও বৃদ্ধি পাচ্ছিল। বিশেষ করে বর্ষাকালে নোংরা আবর্জনা থেকে দুর্গন্ধ ও রোগ সংক্রমণের আশঙ্কা বেড়ে যেত। নতুন এই ব্যবস্থার ফলে নিয়মিত বর্জ্য অপসারণ সম্ভব হবে এবং এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষাও নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

লোয়াইরপোয়া জেলা পরিষদের সদস্য স্বপন দাস জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প ‘স্বচ্ছ ভারত মিশন’-এর সুফল আজ প্রত্যন্ত গ্রামাঞ্চলেও পৌঁছে গেছে। কেন্দ্র ও রাজ্য সরকারের সমন্বিত প্রচেষ্টায় গ্রামীণ এলাকায় পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতার নতুন সংস্কৃতি গড়ে উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *