২১ জুন শিলচরে বিদ্যুৎ গ্রাহক অভিবর্তন অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ জুন : বিদ্যুৎ গ্রাহকদের বিভিন্ন জ্বলন্ত সমস্যা ও দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২১ জুন শিলচরে এক বিদ্যুৎ গ্রাহক অভিবর্তনের ডাক দেওয়া হয়েছে। অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের আহ্বানে ২১ জুন বেলা ১১ টায় শিলচরের আশীর্বাদ বিবাহ ভবনে এই অভিবর্তন অনুষ্ঠিত হবে। সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই অভিবর্তনে মূলত চারটি প্রধান দাবি নিয়ে আলোচনা ও ভবিষ্যৎ আন্দোলন রূপরেখা তৈরি করা হবে। দাবিগুলো হলো : ন্যূনতম ২০০ ইউনিট বিদ্যুৎ গ্রাহকদের সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা, বিদ্যুৎ গ্রাহকদের জন্য প্রিপেইড স্মার্ট মিটার স্থাপন প্রক্রিয়া বাধ্যতামূলক না করে ঐচ্ছিক করা, আদানির কাছ থেকে সর্বোচ্চ দামে বিদ্যুৎ ক্রয়ের বিতর্কিত চুক্তি অবিলম্বে বাতিল করা, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার বেসরকারীকরণ বা ব্যক্তিগতকরণ সম্পূর্ণ বন্ধ করা।

এই বিদ্যুৎ গ্রাহক অভিবর্তনে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কনজুমার্স অ্যাসোসিয়েশনের অন্যতম উপদেষ্টা বিমল দাস এবং অন্যতম আহ্বায়ক অজয় আচার্য। সংগঠনের পক্ষ থেকে এই অভিবর্তনকে সফল করে তুলতে বরাক উপত্যকার বিভিন্ন সামাজিক ও গণসংগঠনের প্রতিনিধি সহ শিলচরের সমস্ত সচেতন নাগরিক ও বিশিষ্ট জনদের উপস্থিতি আন্তরিকভাবে কামনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *