মোদির নেতৃত্বে দেশ আন্তর্জাতিক ক্ষেত্রে মর্যাদা অর্জন করেছে : কিশোর নাথ

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে বড়খলা ডেভেলপমেন্ট ব্লকের উদ্যোগে শুক্রবার ব্লক মাল্টিপারপাস হলে এক জন কল্যাণ শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়খলা বিধায়ক কিশোর নাথ। শিবিরে উপস্থিত ছিলেন শ্রীকোণা মণ্ডলের সভাপতি জয় প্রকাশ সিনহা, বড়খলা মণ্ডলের সভাপতি পিনাককান্তি সহ বিভিন্ন দলীয় পদাধিকারী, জনপ্রতিনিধি এবং এলাকার বিশিষ্ট নাগরিকরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কিশোর নাথ কেন্দ্রীয় সরকারের গত ১২ বছরের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও জনকল্যাণমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। তিনি বলেন, একসময় দেশ নানা চ্যালেঞ্জ, দুর্নীতি ও নীতিগত অচলাবস্থার মুখোমুখি ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ উন্নয়ন, সুশাসন ও আত্মনির্ভরতার পথে এগিয়ে গিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে মর্যাদাপূর্ণ অবস্থান অর্জন করেছে।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গরিব, কৃষক, মহিলা ও যুবসমাজসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপকৃত হচ্ছেন। পাশাপাশি অসমের উন্নয়নের প্রসঙ্গ উল্লেখ করে তিনি মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, নারী ক্ষমতায়ন ও অবকাঠামোগত ক্ষেত্রে রাজ্যের অগ্রগতির কথা তুলে ধরেন।

এদিনের জন কল্যাণ শিবিরে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রযুক্তি, অবকাঠামো ও গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে গত ১২ বছরের সাফল্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সাধারণ মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে সচেতনতামূলক কর্মসূচিও গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে ‘অসম দর্শন’ প্রকল্পের আওতায় উপাসনাস্থল উন্নয়ন প্রকল্পের জন্য বড়খলা মণ্ডলের অন্তর্গত কয়েকটি মন্দির কমিটির হাতে বকেয়া অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। প্রতিটি কমিটিকে ১ লক্ষ ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। মন্দির কমিটির সদস্যরা এই উদ্যোগের জন্য রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষে উপস্থিত নেতৃবৃন্দ উন্নত ও আত্মনির্ভর ভারত গঠন এবং সমৃদ্ধ আসাম নির্মাণের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *