বরাক তরঙ্গ, ১৯ জুন: রঙিয়ার নিকটবর্তী খন্দিকরের তারাবাড়ি এলাকায় সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন যুবকের প্রাণহানি ঘটেছে। এই হৃদয়বিদারক ঘটনায় সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, একটি বাইক ও একটি মালবাহী ডিআই (DI) গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই দুই যুবক ও এক কিশোরের মৃত্যু হয়। মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় বৃহস্পতিবার রাতে। নিহতদের মধ্যে রয়েছেন দুই সহোদর ভাই মাজরুল হোসেন ও জুবেইড হোসেন। এছাড়া তাদের আত্মীয় সুলতান আলিও এই দুর্ঘটনায় প্রাণ হারান।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করে। একই পরিবারের তিন সদস্যের আকস্মিক মৃত্যুর ঘটনায় নিহতদের স্বজনদের মধ্যে গভীর শোকের আবহ বিরাজ করছে।



