বরাক তরঙ্গ, ১৮ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফল নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে ভারতীয় জনতা পার্টি দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার উধারবন্দ বিধানসভা এলাকার তিনটি মণ্ডলের যৌথ উদ্যোগে ‘প্রগতি যাত্রা’ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উধারবন্দ সমষ্টির বিধায়ক রাজদীপ গোয়ালা, জেলা বিজেপির সাধারণ সম্পাদক গোপালকান্তি রায়, বিধানসভা প্রভারি ও জেলা সম্পাদক সৌমিত্র কুমার দেব, মণ্ডল সভাপতি পুলক দেব, মণ্ডল সভাপতি সুজিত গোয়ালা, উধারবন্দ মণ্ডলের ভারপ্রাপ্ত সভাপতি রোহিত সিংহসহ দলের বিভিন্ন স্তরের পদাধিকারী, পঞ্চায়েত জনপ্রতিনিধি, শক্তিকেন্দ্রের কার্যকর্তা, বুথ সভাপতি-সভানেত্রী এবং বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক।
‘প্রগতি যাত্রা’র মাধ্যমে কেন্দ্রীয় সরকারের গত ১২ বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনকল্যাণমূলক প্রকল্প এবং ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্য ও সংকল্প সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়। পাশাপাশি সরকারের বিভিন্ন সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও জনসাধারণকে অবহিত করা হয়।
দলীয় নেতৃবৃন্দের বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের সামগ্রিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, সামাজিক সুরক্ষা এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলির সাফল্যের কথা তুলে ধরা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে জনগণের সহযোগিতা কামনা করেন।



