মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৮ জুন : মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য অর্জন করেছে পাথারকান্দি পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে ৪৮ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মাদকচক্রের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, পাথারকান্দি থানার অন্তর্গত শেরপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা আব্দুল কাদিরের বাড়িতে বিপুল পরিমাণ মাদক মজুত রয়েছে বলে নির্ভরযোগ্য তথ্য পায় পুলিশ। এরপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানস বরার নেতৃত্বে এসআই হীরকজ্যোতি দাসসহ পুলিশ ও ব্যাটালিয়নের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আইনানুগভাবে তল্লাশি অভিযান চালায়।
স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে বাড়ির বিভিন্ন অংশে তল্লাশি চালানোর সময় সিলিংয়ে রাখা একটি সাদা বালতির ভেতর থেকে ২৪টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলোর মধ্যে ছিল ২৪০টি প্লাস্টিক পাউচ এবং প্রতিটি পাউচে ২০০টি করে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধার হওয়া ইয়াবার সংখ্যা ৪৮ হাজার বলে জানিয়েছে পুলিশ।

অভিযান চলাকালীন বাড়ি থেকে তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন জাহারুল ইসলাম (২৫) এবং গুলজান হোসেন (৩০) সহ আরও একজন। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, তারা মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে সেখানে উপস্থিত ছিলেন। এছাড়াও ঘটনাস্থল থেকে একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে আইফোন, মটোরোলা, ভিভো স্মার্টফোন এবং একটি কীপ্যাড ফোন। তদন্তকারীদের মতে, এসব ডিভাইস মাদকচক্রের যোগাযোগ ও লেনদেনে ব্যবহৃত হয়ে থাকতে পারে। প্রয়োজনে মোবাইলগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও অন্যান্য সামগ্রী আইনগতভাবে বাজেয়াপ্ত করা হয়েছে এবং এনডিপিএস আইনের অধীনে মামলা রুজু করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে কোনও আন্তঃরাজ্য মাদকচক্র জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা ঘটনাটিকে উদ্বেগজনক বলে মন্তব্য করলেও পুলিশের দ্রুত ও সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরেই কিছু অসাধু চক্র এলাকায় মাদকের বিস্তার ঘটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।



