বরাক তরঙ্গ, ১৭ জুন : উধারবন্দ থানার অন্তর্গত লাঠিগ্রামের পারিজাত হোটেলকে কেন্দ্র করে মঙ্গলবার গভীর রাতে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রায় তিন মাস ধরে নিখোঁজ থাকা এক কিশোরীকে হোটেল থেকে উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনাকে ঘিরে হোটেলটিতে অবৈধ দেহব্যবসা পরিচালনার অভিযোগ সামনে এসেছে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই পারিজাত হোটেলে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চলছিল। মঙ্গলবার রাতে নিখোঁজ কিশোরী উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ এলাকাবাসী হোটেলের সামনে ভিড় জমিয়ে বিক্ষোভে ফেটে পড়েন। অভিযোগের কেন্দ্রে থাকা বিতর্কিত চিকিৎসক জেপি দাসকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় জনতা।
খবর পেয়ে কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপারসহ বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উদ্ধার হওয়া কিশোরীকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে, ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হোটেলটিতে বেআইনি কার্যকলাপ চললেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁরা ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।



