বরাক তরঙ্গ, ১৭ জুন : রাজ্যে আবারও এক নৃশংস ও লজ্জাজনক ঘটনার অভিযোগ সামনে এসেছে। ১৪ বছর বয়সী এক কিশোরীকে তিন যুবক মিলে গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। দোকানে যাওয়ার পথে তাকে অপহরণ করে নিয়ে গিয়ে এই অপরাধ সংঘটিত করা হয় বলে জানা গেছে। ইতিমধ্যেই পুলিশ একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, তবে আরও দুজন এখনও পলাতক।
ঘটনাটি ঘটেছে মায়ংয়ের ১ নম্বর গাগলমারী এলাকায়। অভিযোগ অনুযায়ী, ১৪ বছর বয়সী ওই কিশোরী বাড়ির পাশের একটি দোকানে যাওয়ার জন্য বের হলে আগে থেকে ওত পেতে থাকা তিন অভিযুক্ত জোরপূর্বক তাকে একটি গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায়। এরপর তার উপর পাশবিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।
এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে ইনামুল হোসেন, আলি হোসেন এবং উবাইদুল্লাহর বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে মায়ং থানার পুলিশ দ্রুতঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মায়ং থানায় একটি এফআইআর দায়ের করা হলে পুলিশ দ্রুত তৎপর হয়ে ওঠে। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে নির্যাতিতা কিশোরীকে উদ্ধার করতে সক্ষম হয় এবং অভিযুক্ত উবাইদুল্লাহকে গ্রেপ্তার করে। তবে এখনও অপর দুই অভিযুক্ত পলাতক রয়েছে।
ঘটনার পর সমগ্র এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা পলাতক দুই অভিযুক্ত ইনামুল ও আলীকে দ্রুত গ্রেপ্তার করে কঠোরতম শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন। বর্তমানে মায়ং পুলিশ গ্রেপ্তার হওয়া অভিযুক্ত উবাইদুল্লাহকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এবং পলাতক দুই অভিযুক্তের সন্ধানে জোরদার অভিযান অব্যাহত রেখেছে।



