বরাক তরঙ্গ, ১৬ জুন : শিলচর তথা বরাক উপত্যকা এবং সমগ্র অসমের জন্য এক গৌরবময় অধ্যায়ের সূচনা করলেন শিলচরের মেধাবী ছাত্র অরিন্দম সী। দেশের অন্যতম কঠিন দুই গণিতভিত্তিক প্রবেশিকা পরীক্ষায় অসামান্য সাফল্য অর্জন করে তিনি রাজ্যের শিক্ষাঙ্গনে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।
২০২৬ সালের Indian Statistical Institute (ISI)-এর প্রবেশিকা পরীক্ষায় অরিন্দম সর্বভারতীয় ষষ্ঠ স্থান (AIR-6) অর্জন করেছেন। পাশাপাশি তিনি সমগ্র উত্তর-পূর্ব ভারতের মধ্যে সেরা স্থানাধিকারী হয়েছেন। অন্যদিকে, Chennai Mathematical Institute (CMI)-এর অত্যন্ত প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় অসমের একমাত্র ছাত্র হিসেবে সম্পূর্ণ স্কলারশিপসহ দেশের সেরা ৩০ জনের মধ্যে জায়গা করে নিয়ে গণিত ও কম্পিউটার সায়েন্সে বিএস (অনার্স) কোর্সে ভর্তির সুযোগ লাভ করেছেন।
দেশের সবচেয়ে কঠিন গণিতভিত্তিক এই দুই প্রতিষ্ঠানের প্রবেশিকা পরীক্ষায় একসঙ্গে সাফল্য অর্জন নিঃসন্দেহে বিরল কৃতিত্ব। বর্তমানে অরিন্দম দুটি প্রতিষ্ঠানের মধ্যে একটি বেছে নিয়ে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
অরিন্দমের এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘদিনের অধ্যবসায়, আত্মনিয়ন্ত্রণ এবং নিরলস পরিশ্রম। পরিবার সূত্রে জানা গেছে, তাঁর শিক্ষাজীবনের প্রতিটি ধাপে মা রুমি সী-এর উৎসাহ, ত্যাগ ও অবিচল সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাশাপাশি পরিবারের সদস্যদের সহযোগিতাও তাঁর এগিয়ে চলার অন্যতম শক্তি হয়ে উঠেছে।
শিক্ষকদের অবদানও বিশেষভাবে উল্লেখযোগ্য। শিলচরের ড. কালাম ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড এডুকেশন (KISE)-এর শিক্ষকরা গত ছয় বছর ধরে অরিন্দমকে শুধু পাঠদানই করেননি, বরং তাঁর মধ্যে গণিতের প্রতি গভীর আগ্রহ, যুক্তিবোধ এবং গবেষণামুখী মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়া বিদ্যালয়ের শিক্ষকরাও সমান নিষ্ঠার সঙ্গে তাঁকে শিক্ষাদান করেছেন।
অরিন্দমের মেধার ধারাবাহিকতার প্রমাণ মিলেছে বিভিন্ন জাতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও। চার বছর ধরে তিনি IMO, IOQM, RMO এবং iOM-সহ একাধিক পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন এবং INMO-তে অংশগ্রহণের যোগ্যতাও লাভ করেছেন।
শিক্ষাগত ফলাফলেও তিনি সমানভাবে উজ্জ্বল। ২০২৪ সালে কেন্দ্রীয় বিদ্যালয়, এনআইটি শিলচর থেকে সিবিএসই মাধ্যমিক পরীক্ষায় ৯৬.৬ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হন। গণিতে তাঁর প্রাপ্ত নম্বর ছিল ৯৯। পরে শিলচর অধরচাঁদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৯২.৬ শতাংশ নম্বর অর্জন করেন এবং আইটিইএস বিষয়ে ৯৯ নম্বর পেয়ে অসম বোর্ডে রাজ্যসেরা হওয়ার কৃতিত্ব দেখান। এছাড়া JEE Main ২০২৬ পরীক্ষায় গণিতে ৯৯.৯৭ পার্সেন্টাইল অর্জন করেন তিনি।
অরিন্দমের এই সাফল্যে আত্মীয়-স্বজন, শিক্ষক, সহপাঠী এবং শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। শিক্ষামহলের একাংশের মতে, এই অর্জন প্রমাণ করে যে বড় শহরের সুযোগ-সুবিধা ছাড়াও মফস্বল এলাকার শিক্ষার্থীরা মেধা, অধ্যবসায় এবং সঠিক দিকনির্দেশনার মাধ্যমে জাতীয় স্তরে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম। শিলচরের এই কৃতী ছাত্রের ভবিষ্যৎ গবেষণামূলক কর্মজীবন আরও সাফল্যমণ্ডিত হোক এবং তিনি দেশ, অসম ও বরাক উপত্যকার নাম আন্তর্জাতিক পরিসরে উজ্জ্বল করে তুলুন—এমনটাই প্রত্যাশা সবার।



