বিশ্ব রক্তদাতা দিবসে সংবর্ধনা, ‘স্বাস্থ্য কার্ড’ প্রদান লায়ন্স শিলচর ভ্যালি ভিউ-র

Spread the news

বরাক তরঙ্গ, ১৪ জুন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) প্রবর্তিত ‘বিশ্ব রক্তদাতা দিবস’ উপলক্ষে রবিবার এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ। নোবেলজয়ী বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনারের জন্মদিনকে স্মরণ করে আয়োজিত এই অনুষ্ঠানে রক্তদাতাদের সম্মাননা জানানোর পাশাপাশি তাঁদের জন্য একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়। অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে ছয়জন রক্তদাতাকে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধিতদের মধ্যে ছিলেন মাহমুদুল আলম (৪ বার), অভিজিৎ দাস (১৩ বার), প্রথমবারের রক্তদাতা সাগর দেব, সুজিত দেব ও রেমো দাস এবং আহাদ বড়ভূঁইয়া (৮ বার)। বিশেষভাবে উল্লেখযোগ্য, আহাদ বড়ভূঁইয়া ক্লাব ভ্যালি ভিউ আয়োজিত গত তিনটি রক্তদান শিবিরেই নিয়মিতভাবে রক্তদান করেছেন।

রক্তদাতাদের প্রত্যেককে উত্তরীয়, স্মারক উপহার এবং একটি করে ‘স্বাস্থ্য কার্ড’ প্রদান করা হয়। ক্লাব কর্তৃপক্ষের মতে, রক্তদাতাদের অবদানের স্বীকৃতি শুধু সংবর্ধনার মধ্যেই সীমাবদ্ধ নয়; তাঁদের সুস্বাস্থ্য নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। সেই ভাবনা থেকেই চালু করা হয়েছে এই স্বাস্থ্য কার্ড প্রকল্প।

এই কার্ডের মাধ্যমে রক্তদাতারা নিজে অথবা তাঁদের পরিবারের সদস্যদের জন্য নির্দিষ্ট একটি ওষুধের দোকান থেকে সর্বোচ্চ ৮০০ টাকা মূল্যের ওষুধ বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন। বিশিষ্ট সমাজসেবী অঞ্জন কুমার হাজরার পৃষ্ঠপোষকতায় লায়ন্স ক্লাব ভ্যালি ভিউ এই উদ্যোগ বাস্তবায়ন করেছে। অনুষ্ঠানে তিনি রক্তদানের গুরুত্ব ও মানবিক দায়বদ্ধতা নিয়ে সচেতনতামূলক বক্তব্যও রাখেন।
রক্তদাতাদের জন্য ক্লাবের এই অভিনব উদ্যোগ উপস্থিত অতিথি ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং প্রশংসা কুড়ায়।
সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়।

উপস্থিত ছিলেন প্রকল্প চেয়ারপার্সন দেবশ্রী চৌধুরী, পুষ্পাবতী রায়, মিনারা লস্কর, সাজন লস্কর, সঙ্গীতা সিংহসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের পরিচিতি প্রদান করেন গাইডিং লায়ন সঞ্জীব রায়। তিনি নিজের ৫৫ বার রক্তদানের অভিজ্ঞতা উপস্থিত সকলের সঙ্গে ভাগ করে নিয়ে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *