হাইকোর্ট বেঞ্চের দাবিতে সচেতনতা সভা ও গণস্বাক্ষর অভিযান লক্ষীপুরে

Spread the news

কে এ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ১৪ জুন : বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি বেঞ্চ স্থাপনের দাবিকে আরও জোরদার করতে রবিবার লক্ষীপুরে সচেতনতা সভা ও গণস্বাক্ষর সংগ্রহ অভিযান অনুষ্ঠিত হয়। হাইকোর্ট বেঞ্চ ডিমান্ড ইমপ্লিমেন্টেশন কেন্দ্রীয় কমিটির নির্দেশে এবং লক্ষীপুর ইউনিট কমিটির ব্যবস্থাপনায় লক্ষীপুর পুরসভার কনফারেন্স হলে এই কর্মসূচির আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পয়লাপুল নেহরু কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও গবেষক আবিদ রাজা মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উপসভাপতি আইনজীবী শান্তনু নায়েক, প্রাক্তন সিডিসি ডিরেক্টর ড. বিভাস দেব, রূপম সংস্থার সভাপতি নিখিল পাল, শিলচর জেলা বার অ্যাসোসিয়েশনের উপসভানেত্রী তুহিনা শর্মা, লক্ষীপুর পুরসভার চেয়ারম্যান মৃণাল কান্তি দাসসহ বহু বিশিষ্ট ব্যক্তি।

সভায় বক্তারা বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বিচারব্যবস্থার সহজলভ্যতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কিন্তু ভৌগোলিক দূরত্বের কারণে বরাক উপত্যকার সাধারণ মানুষকে উচ্চ আদালতের বিচারপ্রক্রিয়ায় অংশ নিতে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এই বাস্তবতার প্রেক্ষিতেই দীর্ঘদিন ধরে বরাকে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবি উঠে আসছে।

আইনজীবী শান্তনু নায়েক বলেন, বর্তমানে বরাক উপত্যকার ৪,৩৭৮টি মামলা গৌহাটি হাইকোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। একটি মামলার শুনানির জন্য গুয়াহাটি যাতায়াত সাধারণ মানুষের জন্য ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। পাশাপাশি ভাষাগত সমস্যাও রয়েছে। তাই বরাকে হাইকোর্ট বেঞ্চ স্থাপন সময়ের দাবি। ড. বিভাস দেব বলেন, এই দাবি আর শুধু আইনজীবীদের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি এখন গণদাবিতে পরিণত হয়েছে। নিখিল পাল জানান, আগামী ১৬ জুলাই প্রধান বিচারপতির কাছে কমপক্ষে ২৫ হাজার স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি পেশ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সভায় আন্দোলনের প্রতি সর্বাত্মক সমর্থন জানিয়ে বক্তারা বরাক উপত্যকার সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাদিক মোহাম্মদ লস্কর এবং ধন্যবাদজ্ঞাপন করেন সাংবাদিক কবীর আহমেদ লস্কর। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাদিক আহমদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *