আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, ধীরনীতির পক্ষে ইরান

Spread the news

১৪ জুন : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা ঘিরে নতুন করে আশার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশা প্রকাশ করেছেন, দুই দেশের মধ্যে আলোচিত সমঝোতা রোববার (১৪ জুন) স্বাক্ষরিত হতে পারে। তবে এ বিষয়ে ভিন্ন সুর শোনা গেছে তেহরান থেকে। ইরান বলেছে, চুক্তি স্বাক্ষরের নির্দিষ্ট সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।

শনিবার (১৩ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, চুক্তিটি পরদিন স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। তাঁর দাবি, সমঝোতা কার্যকর হলে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবারও সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে।

ট্রাম্প লিখেছেন, “চুক্তিটি আগামীকাল স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এটি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে।”

অন্যদিকে, আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালনকারী পাকিস্তানের পক্ষ থেকেও জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি সমঝোতা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে লক্ষ্যে ইলেকট্রনিক স্বাক্ষর প্রক্রিয়ার প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

তবে ট্রাম্পের এই আশাবাদী মন্তব্যের আগে শনিবার ইরানের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই সাংবাদিকদের বলেন, সমঝোতা স্মারক স্বাক্ষরের সুনির্দিষ্ট সময় এখনো নির্ধারিত হয়নি। তিনি বলেন, “চুক্তি রবিবার স্বাক্ষরিত হবে না। এ বিষয়ে জানতে আমাদের আরও অপেক্ষা করতে হবে।”

ফলে সম্ভাব্য সমঝোতাকে ঘিরে দুই পক্ষের বক্তব্যে সময়সূচি নিয়ে স্পষ্ট পার্থক্য দেখা দিয়েছে। যদিও উভয় পক্ষই আলোচনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে ইঙ্গিত দিয়েছে, তবে এখন পর্যন্ত কোনও যৌথ ঘোষণা দেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *