ব্রাজিলকে রুখে দিল মরক্কো, বিশ্বকাপের প্রথম ম্যাচে ১-১ ড্র

Spread the news

১৪ জুন : বিশ্বকাপের প্রথম ম্যাচেই হোঁচট খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। গ্রুপ ‘সি’-এর গুরুত্বপূর্ণ লড়াইয়ে আফ্রিকার শক্তিশালী দল মরক্কোর বিরুদ্ধে ১-১ গোলে ড্র করতে বাধ্য হল সেলেসাওরা। দুর্দান্ত পারফরম্যান্সে ব্রাজিলকে চাপে রেখে ম্যাচের বড় সময় নিয়ন্ত্রণ করেছে মরক্কো, এমনকি শেষ পর্যন্ত জয়ও ছিনিয়ে নিতে পারত আফ্রিকার প্রতিনিধিরা

রবিবারের ম্যাচে প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় মরক্কো। ব্রাজিলের রক্ষণভাগকে বারবার পরীক্ষায় ফেলে তারা। ম্যাচের ২১ মিনিটে সেই চাপেরই ফল পায় মরক্কো। রিয়াল মাদ্রিদের তারকা ব্রাহিম দিয়াজের নিখুঁত থ্রু পাস ধরে ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসনকে পরাস্ত করেন ইসমাইল সাইবারি। তাঁর গোলে এগিয়ে যায় মরক্কো।

গোল হজমের পর দ্রুত ঘুরে দাঁড়ায় ব্রাজিল। ৩১ মিনিটে সমতা ফেরান ভিনিসিয়াস জুনিয়র। ব্রুনো গিমারেজের বাড়ানো বল বক্সের বাঁ প্রান্তে নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত দক্ষতায় মরক্কোর এক ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে জাল খুঁজে নেন রিয়াল মাদ্রিদ তারকা। তাঁর শটে কোনও সুযোগই পাননি মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো।
প্রথমার্ধেই দুই দলের গোল পর্ব শেষ হয়ে যায়। তবে খেলার ধরণে স্পষ্ট ছিল, গত বিশ্বকাপের তুলনায় এবার অনেক বেশি আক্রমণাত্মক মানসিকতা নিয়ে মাঠে নেমেছে মরক্কো। হাকিমি, ব্রাহিম দিয়াজ ও সাইবারিদের গতিময় ফুটবলের সামনে বেশ কয়েকবার বিপাকে পড়তে দেখা যায় ব্রাজিলের রক্ষণভাগকে।

এই ড্রয়ের ফলে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অপরাজিত থাকার দীর্ঘ ঐতিহ্যও বজায় রাখল ব্রাজিল। টানা ২১টি বিশ্বকাপ আসরে উদ্বোধনী ম্যাচে হার এড়ানোর নজির অটুট রাখল তারা। সর্বশেষ ১৯৩৪ সালের বিশ্বকাপে স্পেনের কাছে ৩-১ গোলে হেরে অভিযান শুরু করেছিল ব্রাজিল। এরপর আর কখনও বিশ্বকাপের প্রথম ম্যাচে পরাজয়ের মুখ দেখেনি সেলেসাওরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *