বরাক তরঙ্গ, ১৩ জুন : অখিল ভারতীয় যাদব মহাসভা, অসম প্রদেশ শাখার উদ্যোগে শনিবার শিলচর হিন্দি ভবন প্রেক্ষাগৃহে উদারবন্দের নবনির্বাচিত বিধায়ক রাজদীপ গোয়ালাকে সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বরাক উপত্যকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, বিশিষ্ট বুদ্ধিজীবী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অখিল ভারতীয় যাদব মহাসভার রাষ্ট্রীয় উপাধ্যক্ষ প্রফুল্ল দাস যাদব, রাজ্য সভাপতি সুবচন গোয়ালা, সম্পাদক বিক্রম গোয়ালাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। শিলচর, হাইলাকান্দি ও শ্রীভূমি জেলা থেকে প্রায় পাঁচ শতাধিক কর্মী ও সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সংগঠনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষ ও ছাত্রছাত্রীদের শিক্ষার মূলধারায় যুক্ত করে সচেতন, শিক্ষিত ও উন্নত সমাজ গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শেষে নবনির্বাচিত বিধায়ক রাজদীপ গোয়ালাকে গদা, উত্তরীয়, স্মারক ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করে সম্মাননা জানানো হয়। এছাড়া রাষ্ট্রীয় উপাধ্যক্ষ প্রফুল্ল দাস যাদবকেও উত্তরীয়, ফুলের তোড়া ও স্মারক উপহার দিয়ে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং সমাজের সার্বিক উন্নয়নে যাদব মহাসভার ভূমিকা আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।



