বরাক তরঙ্গ, ১৩ জুন : শিলচর জেলা মহিলা কংগ্রেসের উদ্যোগে শুক্রবার ইন্দিরা ভবনে এক বর্ণাঢ্য সংবর্ধনা সভার আয়োজন করা হয়। জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ২০২৬ সালের অসম বিধানসভা নির্বাচনে সোনাই কেন্দ্র থেকে বিপুল ভোটে নির্বাচিত বিধায়ক আমিনুল হক লস্করকে শাল ও স্মারক মানপত্র প্রদান করে সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে জেলা কমিটির পাশাপাশি বিভিন্ন ব্লক ও মণ্ডল থেকে আগত মহিলা কংগ্রেস কর্মীরাও উত্তরীয় ও উপহার সামগ্রী প্রদান করে নবনির্বাচিত বিধায়ককে শুভেচ্ছা ও সম্মাননা জানান।
সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায় বলেন, এই সম্মাননা শুধুমাত্র একজন বিধায়কের জন্য নয়, বরং সোনাই বিধানসভা কেন্দ্রের সেই প্রায় ৯০ হাজার ভোটারের প্রতি কৃতজ্ঞতার প্রকাশ, যারা কংগ্রেস ও আমিনুল হক লস্করের প্রতি আস্থা রেখে ভোটদান করেছেন।
জেলা কংগ্রেসের ইনচার্জ প্রদীপ গোয়ালা বলেন, আমিনুল হক লস্কর শুধু সোনাই নয়, সমগ্র কাছাড় জেলায় কংগ্রেস সংগঠনকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
প্রধান বক্তার বক্তব্যে বিধায়ক আমিনুল হক লস্কর বলেন, মাতৃশক্তির হাত থেকে এই সম্মাননা পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তিনি আশ্বাস দেন যে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করতে মহিলা কংগ্রেসের পাশে থেকে কাজ করবেন।
অনুষ্ঠানে জেলা কংগ্রেসের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন দেবজ্যোতি বরুয়া (বাদল) এবং ধন্যবাদজ্ঞাপন করেন প্রদেশ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা নবিনা মজুমদার। এছাড়াও বক্তব্য রাখেন সঞ্জীব রায়, দেবদীপ দত্ত, নিলিমা বেগম, পূর্ণিমা সিংহ, রাজেশ সিনহা, তাহেরা বেগম ও বাবুল বড়ভূইয়া প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন জ্যোৎস্না সিনহা, বেলা পাল, ফাতেমা আল মামুন, রূপা দাসসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফাতিমা চৌধুরী।



