জিরিঘাট বাজারে উচ্ছেদ অভিযান, জাতীয় সড়ক সম্প্রসারণের পথে বাধা সরাল প্রশাসন

Spread the news

কে এ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ১৩ জুন : জাতীয় সড়ক সম্প্রসারণ ও পাকা নালা নির্মাণের কাজে বাধা হয়ে দাঁড়ানো অবৈধ দখলদারি উচ্ছেদে অভিযান চালাল প্রশাসন। শনিবার লক্ষীপুর মহকুমার মণিপুর সীমান্তবর্তী জিরিঘাট বাজার এলাকায় জেসিবি মেশিনের সাহায্যে সরকারি সড়কের জমি দখল করে গড়ে তোলা নির্মাণ ভেঙে ফেলা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, ৩৭ নম্বর জাতীয় সড়কের মেরামত ও সম্প্রসারণের কাজ বর্তমানে জোরকদমে চলছে। সড়ককে আরও প্রশস্ত করার পাশাপাশি রাস্তার দু’পাশে পাকা নালা নির্মাণের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। কিন্তু কয়েকজন ব্যবসায়ী সরকারি সড়কের জমি দখল করে বারান্দা ও সিঁড়ি নির্মাণ করায় উন্নয়নমূলক কাজে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল।

এই পরিস্থিতিতে প্রায় দুই সপ্তাহ আগে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নোটিশ জারি করে প্রশাসন। পাশাপাশি মাইকযোগে প্রচার চালিয়ে স্বেচ্ছায় দখলমুক্ত করার আহ্বান জানানো হয়। প্রশাসনের নির্দেশ মেনে অধিকাংশ ব্যবসায়ী নিজ উদ্যোগে অবৈধ অংশ সরিয়ে ফেললেও কয়েকজন নির্দেশ অমান্য করেন। এর পরিপ্রেক্ষিতে শনিবার সরাসরি উচ্ছেদ অভিযান চালানো হয়।

সিআরপিএফ ও পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন লক্ষীপুরের সার্কেল অফিসার কৃষ্ণকুমার শাহারিয়া। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফ আহমেদ। জিরিঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রানা নাথও পুলিশ ও সিআরপিএফ বাহিনী নিয়ে অভিযানে সহযোগিতা করেন।

প্রশাসনের এই পদক্ষেপে জাতীয় সড়ক সম্প্রসারণ এবং নালা নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *