শিলচরে দক্ষিণ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল সিজন-৪-এর জাঁকজমকপূর্ণ সূচনা

Spread the news

শুভ দাস, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ জুন: চলচ্চিত্র, সংস্কৃতি ও সৃজনশীলতার মিলনমেলায় শুক্রবার শিলচরের বঙ্গভবনে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো দক্ষিণ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল (SAFF)-এর চতুর্থ আসর। আদ্যামা প্রডাকশন ও ক্লাব ইচ্ছেডানার যৌথ উদ্যোগে আয়োজিত এই দু’দিনব্যাপী উৎসবকে ঘিরে চলচ্চিত্রপ্রেমী ও সংস্কৃতিমনস্ক মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁদের মধ্যে ছিলেন অভিনেত্রী ও পরিচালক দেবলীনা দত্ত, অভিনেতা ও সঙ্গীতশিল্পী সাহেব চট্টোপাধ্যায়, পরিচালক পারমিতা মুন্সি, পরিচালক জয়ব্রত দাস এবং অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। এছাড়াও অনুষ্ঠানে যোগ দেন প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, সমাজসেবী বাবুল রাই এবং জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ পাল।

প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে দীপায়ন চক্রবর্তী বলেন, বরাক উপত্যকায় প্রতিভাবান শিল্পীর অভাব নেই, তবে তাঁদের বিকাশের জন্য প্রয়োজন উপযুক্ত মঞ্চ। তিনি আশা প্রকাশ করেন, দক্ষিণ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল পশ্চিমবঙ্গ ও বরাক উপত্যকার সাংস্কৃতিক আদান-প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অভিজিৎ পাল তাঁর বক্তব্যে বলেন, একসময় শিলচরে এ ধরনের বৃহৎ চলচ্চিত্র উৎসবের আয়োজন কল্পনাতীত ছিল। আয়োজকদের প্রশংসা করে তিনি জানান, এই উদ্যোগ দক্ষিণ আসামের সাংস্কৃতিক পরিমণ্ডলকে আরও সমৃদ্ধ করবে এবং স্থানীয় শিল্পীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

অনুষ্ঠানে আগত অতিথিদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয় এবং স্মারক উপহার তুলে দেওয়া হয়। পরে অস্কারজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের স্মৃতির উদ্দেশ্যে তাঁর চলচ্চিত্রের গানের সমাহারে এক মনোজ্ঞ শ্রদ্ধাঞ্জলি পরিবেশন করেন নির্বাণ সংস্থার শিল্পীরা।
উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে চলচ্চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ শ্রদ্ধার্ঘ্য এবং জমকালো অ্যাওয়ার্ড নাইট। আয়োজকদের আশা, এই উৎসব দক্ষিণ অসমের আঞ্চলিক চলচ্চিত্র চর্চাকে আরও শক্তিশালী করবে এবং নবীন নির্মাতাদের সৃজনশীল বিকাশের জন্য কার্যকর মঞ্চ হিসেবে প্রতিষ্ঠিত হবে। শনিবার পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *