বরাক তরঙ্গ, ১২ জুন : শিবসাগরের বিধায়ক অখিল গগৈর নিরাপত্তা ব্যবস্থা হঠাৎ করেই আরও জোরদার করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে তাঁর নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়িয়ে ১১ জন করা হয়েছে। পাশাপাশি তাঁর সঙ্গে এখন থেকে একটি এসকর্ট গাড়িও থাকবে। অতিরিক্ত ৮ জন পুলিশকর্মী মোতায়েন করে বিধায়কের নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি করা হয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি বিবেচনায় রেখেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এ প্রসঙ্গে অখিল গগৈ বলেন, “আমার জীবনের প্রতি হুমকি থাকার তথ্য সরকার পেয়েছে। সেই কারণেই শুক্রবার থেকে আমার নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে। আগে যে নিরাপত্তারক্ষীরা ছিলেন, তাঁদের পাশাপাশি নতুন করে হাউস গার্ড ও এসকর্ট গার্ড নিয়োগ করা হয়েছে। আমার জানা মতে, আমাকে লক্ষ্য করে হামলার ষড়যন্ত্র চলছে বলে সরকার তথ্য পাওয়ার পরই নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে।” বিধায়কের নিরাপত্তা জোরদারের এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। তবে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সরকার এখনও বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করেনি।



