ইটখলায় বরাক নদীতে সেলফি তুলতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র, তল্লাশিতে এসডিআরএফ

Spread the news

বরাক তরঙ্গ, ১২ জুন : শিলচরের ইটখলায় বরাক নদীর তীরে বন্ধুদের সঙ্গে সেলফি তুলতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়ে গেছে এক স্কুলছাত্র। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ ছাত্রের নাম অঙ্কিত চক্রবর্তী।

জানা গেছে, শিলচর নরসিং উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র অংকিত চক্রবর্তী বৃহস্পতিবার কয়েকজন সহপাঠীর সঙ্গে ইটখলার বরাক নদীর পাড়ে বেড়াতে গিয়েছিল। সেখানে বন্ধুদের সঙ্গে সেলফি তোলার সময় হঠাৎ পা পিছলে নদীতে পড়ে যায় সে। মুহূর্তের মধ্যেই নদীর স্রোতে তলিয়ে যায় অঙ্কিত।

সহপাঠীদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। দীর্ঘ সময় ধরে নদীতে তল্লাশি চালানো হলেও অঙ্কিতের কোনও সন্ধান মেলেনি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির দায়িত্ব গ্রহণ করে।

পুলিশের আবেদনে এসডিআরএফের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বরাক নদীতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। রাত পর্যন্ত অভিযান অব্যাহত থাকলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ ছাত্রের কোনো খোঁজ পাওয়া যায়নি।

অংকিত চক্রবর্তীর বাড়ি বিহাড়ায়। সে মা-বাবার সঙ্গে শিলচর শহরের বাণীপাড়ায় ভাড়াটে হিসেবে ছিল। এই মর্মান্তিক ঘটনায় পরিবার-পরিজন, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *