বরাক তরঙ্গ, ১২ জুন : কাছাড় জেলার লক্ষীপুরের মারকুলিয়েন অঞ্চলে আনারস চাষ ও ব্যবসার উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় চাষি ও উদ্যোক্তারা। সরকারের এই উদ্যোগের ফলে আনারস চাষিরা আর্থিক ও কারিগরি সহায়তা পাওয়ার পাশাপাশি তাঁদের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার বিকেলে কাছাড় জেলা কমিশনার কার্যালয়ে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে মার এগ্রো প্রডিউসার কোম্পানি লিমিটেডের বোর্ড অব ডিরেক্টরস (বিওডি) সদস্য মনিতন সিংহ সরকারের এই উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আনারস চাষের উন্নয়নে সরকারের ইতিবাচক পদক্ষেপ এলাকার কৃষকদের জন্য অত্যন্ত সহায়ক হবে। পাশাপাশি তিনি এই প্রকল্পের সঙ্গে যুক্ত সকল সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদেরও ধন্যবাদ জানান।

মণিতন সিংহের মতে, সরকারের এই সহায়তা শুধু আনারস চাষিদেরই উপকৃত করবে না, বরং স্থানীয় অর্থনীতির বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ মারকুলিয়েন ও পার্শ্ববর্তী এলাকার বিপুল সংখ্যক কৃষক আনারস চাষের ওপর নির্ভরশীল।
এদিন জেলা কমিশনার কার্যালয়ে জেলা শাসক আয়ুষ্মান গর্গ, জেলা উন্নয়ন কমিশনার রাজীব রায়, সংশ্লিষ্ট সার্কল অফিসার, জেলা কৃষি বিভাগের ডিএও রাহুল চক্রবর্তী, সিডিসি ধ্রুবজ্যোতি পাঠক, উদ্যানপালন বিভাগের এসডিও নেকিবুর জামানসহ মার এগ্রো প্রডিউসার কোম্পানি লিমিটেডের বিভিন্ন পদাধিকারী এবং গুয়াহাটির পিজিপি লিমিটেডের প্রতিনিধিদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আনারস চাষের সম্প্রসারণ, বিপণন ব্যবস্থার উন্নয়ন, কৃষকদের জন্য সরকারি সহায়তা এবং বাজার সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মার এগ্রো প্রডিউসার কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, সরকারের এই সহায়তার ফলে মারকুলিয়েন ও আশপাশের অঞ্চলে উৎপাদিত আনারসের বাজার আরও বিস্তৃত হবে। একই সঙ্গে এলাকার আনারস শিল্পের সামগ্রিক সম্ভাবনাও নতুন মাত্রা লাভ করবে।



