মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১২ জুন : প্রস্তাবিত ‘অসম ইউসিসি ২০২৬ বিল’ বাতিলের দাবিতে বৃহস্পতিবার আছিমগঞ্জ গেটে অনুষ্ঠিত হলো এক শান্তিপূর্ণ গণপ্রতিবাদ কর্মসূচি। সংবিধানের চেতনা, ধর্মীয় স্বাধীনতা এবং সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার রক্ষার দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে বিলটির বিরোধিতা করেন। তাঁদের দাবি, প্রস্তাবিত ইউসিসি বিল প্রত্যাহার করতে হবে, সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত রাখতে হবে এবং দেশের সংবিধানের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উত্তর-পূর্ব ভারতের নায়েবে আমিরে শরিয়ত হযরত মওলানা বদরুল হক এমনি। তিনি বলেন, ভারতের সংবিধান প্রত্যেক নাগরিককে ধর্মীয় স্বাধীনতা ও নিজস্ব সংস্কৃতি পালনের অধিকার প্রদান করেছে। তাই জনগণের মতামত ও সংবিধানের মৌলিক আদর্শকে সম্মান জানিয়েই যে কোনও আইন প্রণয়ন করা উচিত।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী, ছাত্রনেতা এবং ধর্মীয় ব্যক্তিত্বরা। বক্তারা বিলটির বিভিন্ন দিক নিয়ে তাঁদের মতামত তুলে ধরে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে দাবি আদায়ের আহ্বান জানান। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মওলানা হোসাইন আহমদ, হবিবুদ্দিন, আফতাব উদ্দিন, জিয়াউল হক, জয়নাল উদ্দিন, রশিদ উদ্দিনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ।
শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত কর্মসূচির শেষে অংশগ্রহণকারীরা তাঁদের দাবিগুলি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি বক্তারা আশা প্রকাশ করেন, জনগণের মতামত ও সাংবিধানিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে সরকার বিষয়টি পুনর্বিবেচনা করবে।



