রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : মিজোরামে অসমের ট্রাকচালকদের ওপর ধারাবাহিক হয়রানি এবং বালি বোঝাই ট্রাক প্রবেশে অনৈতিক বাধার প্রতিবাদে অনির্দিষ্টকালের ‘স্টিয়ারিং ছাড়ো’ আন্দোলনের ডাক দিল বরাক উপত্যকার গাড়িচালক সংস্থা। রবিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এই আন্দোলনের জেরে অসম-মিজোরাম সংযোগকারী গুরুত্বপূর্ণ ৩০৬ জাতীয় সড়কে পণ্য পরিবহন সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়েছে।
দক্ষিণ ধলাইয়ের চন্নিঘাটে ৩০৬ নম্বর শিলচর-আইজল জাতীয় সড়ক অবরোধ করে অবস্থান বিক্ষোভে বসেছেন শতাধিক গাড়িচালক। এর ফলে রবিবার সন্ধ্যা থেকেই মিজোরাম অভিমুখী সমস্ত পণ্যবাহী ট্রাক ও বাণিজ্যিক যানবাহনের চাকা পুরোপুরি থমকে যায়। জাতীয় সড়কের দুপাশে আটকে পড়েছে অসংখ্য পণ্যবাহী গাড়ি।
চালক সংগঠনের সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে মিজোরামের বিভিন্ন স্থানীয় সংগঠন (যেমন অল মিজোরাম কমার্শিয়াল টিপার অ্যাসোসিয়েশন ও মিজোরাম টিপার অ্যাসোসিয়েশন)-এর বাধার মুখে অসম থেকে যাওয়া বালি বোঝাই গাড়িগুলোকে খালি করে ফিরিয়ে দেওয়া হচ্ছিল। পাশাপাশি চালকদের হেনস্থা ও ভয়ভীতি দেখানোর ঘটনাও ঘটছিল।
এই অচলাবস্থা নিরসনে ‘শিলচর ট্রাক ড্রাইভার্স অ্যাসোসিয়েশন’-এর পক্ষ থেকে আগেই মিজোরামের মুখ্যমন্ত্রী, কোলাসিব জেলার জেলাশাসক ও পুলিশ সুপার, অসমের মুখ্যমন্ত্রী এবং বরাক উপত্যকার তিন জেলার জেলা কমিশনারের কাছে বিস্তারিত লিখিত অভিযোগপত্র পাঠানো হয়েছিল। আন্তঃরাজ্য বাণিজ্যে সরকারি কোনও বিধিনিষেধ রয়েছে কি না তা স্পষ্ট করার পাশাপাশি চালকদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিতের দাবি জানানো হয়েছিল। কিন্তু দীর্ঘদিন অপেক্ষার পরও প্রশাসনের তরফে কোনো কার্যকর পদক্ষেপ বা সুরাহা না মেলায় ক্ষুব্ধ চালক সংগঠনগুলো রবিবার সন্ধ্যা থেকে চূড়ান্ত আন্দোলনের পথ বেছে নেয়।
আন্দোলনরত চালকদের স্পষ্ট হুঁশিয়ারি, যতদিন পর্যন্ত মিজোরামে অসমের চালকদের অবাধ যাতায়াত, নিরাপত্তা নিশ্চিত না হচ্ছে এবং হয়রানি বন্ধে সুনির্দিষ্ট প্রশাসনিক সমাধান না আসছে, ততদিন পর্যন্ত এই চাকা বন্ধ আন্দোলন ও জাতীয় সড়ক অবরোধ অব্যাহত থাকবে।



