ট্রাফিক পুলিশের ধাক্কায় স্কুটি থেকে পড়ে গেলেন যুবতী, উত্তেজনা, তদন্তের আশ্বাস জেলা কমিশনারের

Spread the news

দীপ দেব ও বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১১ জুন : ট্রাফিক পুলিশের ধাক্কায় এক যুবতী স্কুটি থেকে পড়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় শিলচরের দেবদূত পয়েন্ট এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের একাংশ বিক্ষোভে সামিল হন। পরে জেলা কমিশনারের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, হেলমেটবিহীন অবস্থায় স্কুটি চালিয়ে যাওয়া এক মহিলা চালককে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে আটকানোর চেষ্টা করেন কর্তব্যরত ট্রাফিক পুলিশকর্মী। সেই সময় স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে চালক সামনের একটি পেট্রোল পাম্পের কাছে পড়ে যান। ঘটনায় তিনি সামান্য আহত হন বলে জানা গেছে।

অন্যদিকে, স্থানীয়দের একাংশের অভিযোগ, ট্রাফিক পুলিশের ধাক্কায় ওই যুবতী মাটিতে পড়ে যান। এই অভিযোগ ঘিরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিক্ষোভ শুরু হয়। ঐ সময় কাছাড় জেলার জেলা কমিশনার আয়ুষ গর্গের কনভয় ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীরা তাঁদের ক্ষোভের কথা জানান। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে জেলা কমিশনার গাড়ি থেকে নেমে উপস্থিত জনতার সঙ্গে কথা বলেন এবং ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের আশ্বাস দেন। পাশাপাশি জেলা পুলিশ ও অতিরিক্ত জেলা কমিশনারকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশও দেন।
পরে প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। আহত যুবতীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীরা জানান, এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং তদন্ত প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা করা হবে। জানা গেছে, আহত নাথ চৌধুরী পদবীর যুবতী শিলচরের মিশন রোড এলাকার বাসিন্দা। ঘটনায় তিনি সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *