পঞ্চায়েত কাপে টাইব্রেকারে ফাইনালে আঞ্জুমা এন্টারপ্রাইজ

Spread the news

বরাক তরঙ্গ, ১১ জুন : ভাগাবাজার গ্রাম পঞ্চায়েতের আয়োজিত “পঞ্চায়েত কাপ ২০২৬” নকআউট ফুটবল টুর্নামেন্টে টাইব্রেকারে ফাইনালে পৌঁছল আঞ্জুমা এন্টারপ্রাইজ। বৃহস্পতিবার রাজঘাট রাজীব গান্ধী স্পোর্টস কমপ্লেক্স খেলার মাঠে দ্বিতীয় সেমিফাইনালে রাজগোবিন্দপুর এফসির মুখোমুখি হয় আঞ্জুমা এন্টারপ্রাইজ। শ্বাসরুদ্ধকর ম্যাচে তারা টাইব্রেকারে ৫-৩ গোলে হারায় রাজগোবিন্দপুরকে। শুরু থেকে আক্রমণ প্রতি আক্রমণে ম্যাচ জমে উঠে। চরম উত্তেজনাপূর্ণ ম্যাচ উপভোগ করলেন দর্শকরা। খেলায় বারবার সুযোগ তৈরি করেও উভয় দলই গোল করতে ব্যর্থ হয়। নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় অবশেষে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে দু’টি শট সেভ করে দলকে ফাইনালের ছাড়পত্র আদায় করে নেন আঞ্জুমা এফসির গোলরক্ষক তুলেংতিয়া। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত তিনি। তাঁর হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন সোনাই মাধবচন্দ্র দাস কলেজের উপাধ্যক্ষ ড. আব্দুল মতিন লস্কর, বিশিষ্ট সাংবাদিক রাজীব হোসেন মজুমদার ও ব্যবসায়ী আব্দুল চৌধুরী। এছাড়া এদিনের সেরা উঠতি খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন রাজগোবিন্দপুর এফসির মালা। তাঁর হাতে পুরস্কার তুলে দেন প্রাক্তন ডিএসও বদর উদ্দিন মজুমদার, সোনাই ফুটবল অ্য়াসোসিয়েশনের সম্পাদক আব্দুল জলিল, ব্যবসায়ী নজমুল হক লস্কর। ম্যাচ পরিচালনা করেন শামিম আহমদ বড়ভূইয়া, প্রবীণ বর্মণ, আজহারুল ইসলাম ও রাজীব আহমদ।

এদিন খেলা শেষে আয়োজক পঞ্চায়েত কাপ ম্যানেজমেন্ট কমিটি ও ভাগাবাজার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পঞ্চায়েত কাপে আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া সমাজসেবীদের পুরস্কৃত করা হয়। আগামী রবিবার ১৪ জুন পঞ্চায়েত কাপ ২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনালে মুখোমুখি হবে বাপ্পন এফসি ও আঞ্জুমা এন্টারপ্রাইজ। ফাইনাল খেলার আগে নাচ, গান সহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে বলে জানান আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *