বরাকের বেহাল সড়ক সংস্কারে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি, বিশেষজ্ঞ দল পাঠানোর আহ্বান

Spread the news

পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ১১ জুন : বরাক উপত্যকার অধিকাংশ সড়কের বেহাল অবস্থার প্রেক্ষিতে উপত্যকায় একটি বিশেষজ্ঞ দল পাঠিয়ে সরেজমিনে পরিস্থিতি পর্যালোচনা এবং দ্রুত মেরামতির ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সিভিল সোসাইটি ড. শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ। পরিষদের সভাপতি ও প্রবীণ সাংবাদিক হারাণ দে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে পাঠানো এক ই-মেলে জানান, বরাক উপত্যকার গ্রামীণ ও আঞ্চলিক সড়কগুলির অবস্থা যেমন অত্যন্ত শোচনীয়, তেমনি শিলচর ও শ্রীভূমি শহরের রাস্তাঘাটের অবস্থাও উদ্বেগজনক।

চিঠিতে তিনি উল্লেখ করেন, অপর্যাপ্ত নিকাশি ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় জল জমে যায়। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়। শিলচর ও শ্রীভূমি শহরে কার্যকর জল নিষ্কাশন ব্যবস্থার অভাবে নাগরিকদের প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলেও তিনি দাবি করেন।

এছাড়া, কিছু অসচেতন ব্যক্তির নালা দখল এবং রাস্তার পাশের নর্দমায় প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের বর্জ্য ফেলার প্রবণতার কারণে জলাবদ্ধতা আরও প্রকট হয়ে উঠছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। পরিস্থিতির দ্রুত সমাধানে সরকারকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে পরিষদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *