নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের জেরে কৃষ্ণাইয়ের ছাত্রীর আত্মহত্যা: এনটিএ-র বিরুদ্ধে তীব্র ক্ষোভ এআইডিএসও-র

Spread the news

বরাক তরঙ্গ, ১০ জুন : জাতীয় স্তরের নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও ফলাফল সংক্রান্ত বিতর্কের জেরে মানসিক অবসাদে ভুগে গোয়ালপাড়া জেলার কৃষ্ণাই এলাকার এক মেধাবী ছাত্রীর আত্মহত্যার ঘটনায় গভীর শোক, উদ্বেগ এবং তীব্র ক্ষোভ প্রকাশ করেছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)-র অসম রাজ্য কাউন্সিল। সংগঠনের দাবি, এটি শুধুমাত্র একটি আত্মহত্যার ঘটনা নয়, বরং জাতীয় পরীক্ষাকেন্দ্রিক ব্যবস্থার ব্যর্থতা ও ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র গাফিলতির করুণ পরিণতি।

বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এআইডিএসও-র অসম রাজ্য কমিটির সম্পাদক হেমন্ত পেগু বলেন, দেশের লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী দীর্ঘদিন কঠোর পরিশ্রম করে নিট-ইউজি পরীক্ষার প্রস্তুতি নেয়। কিন্তু প্রশ্নপত্র ফাঁস, অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে পরীক্ষার বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে গভীর মানসিক চাপ ও হতাশা তৈরি হচ্ছে, যার মর্মান্তিক উদাহরণ কৃষ্ণাইয়ের এই ঘটনা।

সংগঠনের অভিযোগ, শিক্ষার বেসরকারিকরণ, বাণিজ্যিকীকরণ এবং অতিরিক্ত কেন্দ্রীয়করণের নীতির ফলেই দেশের শিক্ষা ব্যবস্থায় একের পর এক কেলেঙ্কারি সামনে আসছে। এআইডিএসও-র মতে, ‘জাতীয় শিক্ষা নীতি ২০২০’-এর মাধ্যমে শিক্ষাক্ষেত্রে কর্পোরেট প্রভাব বৃদ্ধির পথ সুগম হয়েছে এবং এনটিএ-র মতো কেন্দ্রীয় সংস্থার কার্যক্রম আজ প্রশ্নের মুখে।

এআইডিএসও সরকারের কাছে একাধিক দাবি উত্থাপন করেছে। সংগঠনের দাবি, এনটিএ-র ভূমিকার নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, স্বচ্ছ ও সুষ্ঠু প্রবেশিকা পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত মূল অভিযুক্তদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি পরীক্ষার্থীদের মানসিক ও শিক্ষাগত নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়েছে।

ঘটনার প্রেক্ষিতে এআইডিএসও আসাম রাজ্য কাউন্সিল রাজ্যের ছাত্রসমাজ, অভিভাবক এবং সচেতন নাগরিকদের শিক্ষাবিরোধী নীতির বিরুদ্ধে এবং শিক্ষার অধিকার রক্ষায় বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *