দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ১০ জুন : প্রবল বর্ষণের জেরে অসম-মিজোরাম সীমান্তের ভাইরেংটি এক্সাইজ গেট সংলগ্ন ৩০৬ নম্বর শিলচর-আইজল জাতীয় সড়কে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে পাহাড়ের একাংশ ধসে জাতীয় সড়কের উপর পড়ে যাওয়ায় যান চলাচল সম্পূর্ণরূপে ব্যাহত হয় এবং এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। জানা গেছে, টানা ভারি বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢালের মাটি ও পাথর ধসে সড়কের উপর এসে পড়ে। এর ফলে অসম ও মিজোরামের মধ্যে যোগাযোগের অন্যতম প্রধান এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। জাতীয় সড়কের দুই পাশে শত শত পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহন আটকে পড়ে। ভাইরেংটি এক্সাইজ গেট সংলগ্ন এলাকায় প্রায় পাঁচ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আটকে পড়া ট্রাক চালকরা জানান, দীর্ঘ সময় ধরে সড়কে অপেক্ষা করতে হওয়ায় তারা চরম দুর্ভোগের মুখে পড়েছেন। নির্ধারিত সময়ে গন্তব্যস্থলে পৌঁছানো সম্ভব না হওয়ায় পণ্য পরিবহণেও মারাত্মক বিঘ্ন ঘটছে। চালকদের একাংশের অভিযোগ, বর্ষাকালে এই পাহাড়ি সড়কে প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে, ফলে প্রতি বছরই তাঁদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়।

স্থানীয় বাসিন্দাদের মতে, বর্ষা মৌসুমে এই অঞ্চলে একাধিকবার ভূমিধসের ঘটনা ঘটে থাকে। এর ফলে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ যাত্রী ও ব্যবসায়ীদেরও দীর্ঘ সময় দুর্ভোগ পোহাতে হয়।
খবর লেখা পর্যন্ত সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষ ধসে পড়া মাটি ও পাথর অপসারণের কাজ চালিয়ে যাচ্ছে। দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে প্রশাসন ও সড়ক রক্ষণাবেক্ষণকারী সংস্থার কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন।
উল্লেখ্য, ৩০৬ নম্বর শিলচর-আইজল জাতীয় সড়ক অসম ও মিজোরামের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। ফলে এই সড়কে ভূমিধসের কারণে শুধু যাত্রী পরিবহণই নয়, দুই রাজ্যের মধ্যে পণ্য পরিবহণ ও বাণিজ্যিক কার্যক্রমেও ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন গাড়ি চালক, ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা।



