মেহেরপুরে স্কুল-মন্দিরের পাশে মদের দোকান স্থানান্তরের উদ্যোগে তীব্র বিক্ষোভ, সরব মহিলারা

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৩১ মে : শিলচরের মেহেরপুর এলাকায় স্কুল, হাসপাতাল ও ধর্মীয় প্রতিষ্ঠানের নিকটে একটি মদের দোকান স্থানান্তরের উদ্যোগকে ঘিরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। রবিবার এলাকাবাসী, বিশেষ করে মহিলারা, প্রতিবাদে সামিল হয়ে প্রশাসনের কাছে অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

জানা গেছে, বর্তমানে কাটাল রোডে অবস্থিত ‘বি সি ওয়াইন শপ’ মেহেরপুর এলাকায় স্থানান্তরের প্রক্রিয়া চলছে। এই প্রস্তাবের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যেই প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, স্থানান্তরের জন্য প্রয়োজনীয় স্থানীয় সম্মতিপত্র (এনওসি) এবং অন্যান্য নথি সংগ্রহের ক্ষেত্রে অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে বলে তাঁদের সন্দেহ।

স্থানীয়দের দাবি, প্রস্তাবিত স্থানের কাছেই রয়েছে শকুন্তলা প্রাইমারি স্কুল, জীবন জ্যোতি হাসপাতাল, শ্রী দুর্গা মন্দির এবং শ্রী রাণী সতী দাদি মন্দির। এমন একটি সংবেদনশীল ও জনবহুল এলাকায় মদের দোকান স্থাপন করা হলে সামাজিক পরিবেশের অবনতি ঘটবে এবং শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের উপর বিরূপ প্রভাব পড়বে।

প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে স্থানান্তরের অনুমতি অবিলম্বে বাতিল করার আহ্বান জানান। তাঁদের বক্তব্য, এলাকার শান্তি-শৃঙ্খলা, শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং ধর্মীয় অনুভূতির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। অন্যথায় বৃহত্তর গণআন্দোলনের পথে নামার হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *