ইউসিসি নিয়ে তীব্র প্রতিক্রিয়া এসইউসিআই-র

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ মে : অসম বিধানসভায় গত ২৭ মে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড) গৃহীত হওয়াকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এসইউসিআই (কমিউনিস্ট) দল। দলের অসম রাজ্য কমিটির সম্পাদক চন্দ্রলেখা দাস এক প্রেস বিবৃতিতে বলেন, অভিন্ন দেওয়ানি বিধি প্রবর্তন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, যা নাগরিকদের সম্মতি ও সর্বসম্মতির ভিত্তিতে গড়ে ওঠা উচিত। কিন্তু বর্তমান সমাজে এখনও তেমন কোনও অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, এই ধরনের আইন কার্যকর করার আগে সভা-সমাবেশ, আলোচনা ও গণসচেতনতার মাধ্যমে উপযুক্ত পরিবেশ তৈরি করা প্রয়োজন। মানুষের মধ্যে মতৈক্য গড়ে ওঠার পরেই কেবল এ ধরনের আইন প্রবর্তন করা সম্ভব। তার আগে জোরপূর্বক আইন চাপিয়ে দিলে সমাজে ঐক্যের পরিবর্তে বিভাজন, অবিশ্বাস ও সংঘাত আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

চন্দ্রলেখা দাস বর্তমান পরিস্থিতিতে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চাপিয়ে দেওয়ার তীব্র বিরোধিতা করে সরকারের কাছে এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকার জোরালো দাবি জানান। পাশাপাশি তিনি রাজ্যের শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে এই “ধ্বংসাত্মক পদক্ষেপ”-এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *