বরাক তরঙ্গ, ২৯ মে : শিলচর শহরের বিভিন্ন সড়কের বেহাল অবস্থা, কৃত্রিম বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধান এবং ক্যাপিটাল পয়েন্ট-মেডিক্যাল কলেজ সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগের তদন্তের দাবিতে শুক্রবার কাছাড় জেলা আয়ুক্তের কাছে স্মারকপত্র প্রদান করল এসইউসিআই (কমিউনিস্ট) দল।
দলের পক্ষ থেকে জেলা কমিটির অন্যতম সদস্য শ্যামদেও কুর্মী, সুব্রতচন্দ্র নাথ, অধ্যাপক অজয় রায়, নকুলরঞ্জন পাল এবং স্বাগতা ভট্টাচার্য প্রমুখ স্মারকপত্রটি প্রদান করেন। স্মারকপত্রে দলের নেতৃবৃন্দ অভিযোগ করেন, শিলচর শহরের সাধারণ মানুষের জীবনযাত্রা বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে দিয়ে যাচ্ছে। বিশেষ করে ক্যাপিটাল পয়েন্ট থেকে শিলচর মেডিক্যাল কলেজ পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত গুরুতর অসুস্থ রোগী, প্রবীণ ব্যক্তি এবং স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা যাতায়াত করেন। ফলে রাস্তার বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
দলের অভিযোগ, মাত্র দেড় বছর আগে নির্মিত এই সড়ক ইতিমধ্যেই সম্পূর্ণ ভেঙে পড়েছে। এতে নিম্নমানের সামগ্রী ব্যবহার, ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছে। তাই সড়ক নির্মাণে জড়িত ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিরুদ্ধে উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়।
এছাড়াও শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ সড়ক যেমন বিবেকানন্দ রোড, পঞ্চায়েত রোড ও কাঁঠাল রোড দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বলেও অভিযোগ করা হয়। দীর্ঘ সময় ধরে সংস্কার না হওয়ায় সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে বলে দাবি দলের। শহরের জলনিকাশি ব্যবস্থার দুরবস্থার কথাও স্মারকপত্রে উল্লেখ করা হয়। রাঙ্গিরখাল, লঙ্গাই খাল ও সিঙ্গের খালের বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা না হওয়ায় সামান্য বৃষ্টিতেই বিলপার, লিঙ্ক রোড, সোনাই রোড, ফাটক বাজার, বিবেকানন্দ রোড ও জাতীয় সড়ক সংলগ্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। নর্দমার দূষিত জল ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে জনজীবন বিপর্যস্ত করে তুলছে বলেও অভিযোগ তোলা হয়।
এসইউসিআই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে দাবি জানানো হয়, ক্যাপিটাল পয়েন্ট থেকে শিলচর মেডিক্যাল কলেজ সড়কের গর্ত দ্রুত ভরাট করে স্থায়ী পুনর্নির্মাণ করতে হবে। পাশাপাশি শহরের সমস্ত জরাজীর্ণ রাস্তা অবিলম্বে সংস্কার এবং বৈজ্ঞানিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলে কৃত্রিম বন্যা সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। দলের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, শিলচরের নাগরিক দুর্ভোগ দূর করতে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।



