বরাক তরঙ্গ, ২৯ মে : ডিমরিয়ার তেতেলিয়ায় শুক্রবার ভোরে সংঘটিত এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে দ্রুতগতির একটি বলেরো গাড়ি সজোরে ধাক্কা মারায় এই দুর্ঘটনা ঘটে। তেতেলিয়ার জাতীয় সড়কে সংঘটিত দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে “Govt. of Arunachal” লেখা ছিল বলে জানা গেছে।
নিহতদের মধ্যে রয়েছেন লিগি বারাছা, কুনগা দৈমা, গিমিরা বারাছা এবং কর্মা চেরাপ খিরিমে। লিগি বারাছা ও কুনগা দৈমা ছিলেন স্বামী-স্ত্রী এবং গিমিরা বারাছা তাঁদের পুত্র। একই পরিবারের তিন সদস্যের একসঙ্গে মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, পরিবারের কন্যা অসুস্থ হয়ে গুয়াহাটির একটি হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর চিকিৎসার খোঁজ নিতে অরুণাচলের ইটানগর থেকে গুয়াহাটি আসছিল পরিবারটি। পথেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। পরিবারের কন্যা গুয়াহাটির NPS স্কুলের ছাত্রী বলেও জানা গেছে।
নিহত লিগি বারাছা অরুণাচলের একজন পশু চিকিৎসক ছিলেন। অপরদিকে, কুনগা দৈমা (৫২) অরুণাচল প্রদেশের খাদ্য সুরক্ষা বিভাগের কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে, দুর্ঘটনায় প্রাণ হারানো কর্মা চেরাপ খিরিমে ত্রিপুরার শান্তি নিকেতন মেডিক্যাল কলেজের ছাত্র ছিলেন। তিনি বন্ধুর সঙ্গে গুয়াহাটি আসছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।



