নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ২৮ মে : সোনাইর ধনেহরি ঈদগাহ ময়দানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হল পবিত্র ঈদুল আযহা। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই বৃহস্পতিবার সকাল আটটায় অনুষ্ঠিত ঈদের জামাতে অংশ নেন এলাকার বিপুল সংখ্যক মুসল্লি।

ঈদের নামাজ পরিচালনা করেন সোনাই আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মাহমুদুল্লাহ বড়ভূইয়া। নামাজ শুরুর আগে তিনি ঈদুল আযহার তাৎপর্য, ত্যাগের মহিমা এবং মানবতার শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। পাশাপাশি সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান তিনি।

নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন মুসল্লিরা। ঈদগাহ ময়দানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।



