রূপক চক্রবর্তী ও বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ মে : শিলচরের ঘুংঘুর বারিক নগর এলাকায় গো-হত্যার অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার গোপনে গো-হত্যা সংঘটিত হয়েছে বলে অভিযোগ তুলেছে বজরং দল। খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে ভিড় জমান সংগঠনের সদস্যরা।
বজরং দলের দাবি, ঈদ-উল আজহার প্রাক্কালে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে একাংশ মুসলিম সংগঠন গোহত্যা থেকে বিরত থাকার আহ্বান জানালেও বারিকনগর এলাকায় গোপনে এই ঘটনা ঘটানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবিও জানিয়েছে সংগঠনটি।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই ঘটনাস্থলে পৌঁছায় ঘুংঘুর থানার পুলিশ, কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপারসহ বিশাল পুলিশ বাহিনী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৫ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। বর্তমানে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে কড়া নজর রাখছে পুলিশ



