গুজরাটে AK-47 ও কার্তুজ সহ গ্রেফতার হওয়া যুবক রাতাবাড়ির, বাড়িতে তল্লাশি ATS-এর

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : গুজরাটে AK-47 রাইফেল ও ২৩ রাউন্ড তাজা কার্তুজ সহ গ্রেফতার হওয়া যুবক শ্রীভূমি জেলার রাতাবাড়ির বাসিন্দা। শুক্রবার ভদোদরার জারোদ বাসস্ট্যান্ডের কাছে  ATS বিশেষ অভিযান চালিয়ে মহম্মদ সাহারুল ইসলাম কবির উদ্দিনকে (২২) গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর এ দিন রাতে গুজরাট অ্যান্টি-টেররিস্ট স্কোয়াডের (ATS) তিন সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল রাতাবাড়িতে পৌঁছে। স্থানীয় পুলিশের সহায়তায় রাতাবাড়ির টঙ্গীবাড়ি গ্রামে ধৃতের বাড়িতে তল্লাশি চালায়। অভিযানে বেশ কিছু সন্দেহজনক নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় রাতাবাড়ি তথা শ্রীভূমি জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

রামকৃষ্ণনগরের সিডিএসপি আনশুল শর্মা জানান, ATS-এর তদন্তকারী দল ধৃতের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা নথিপত্র খতিয়ে দেখছে। প্রাথমিকভাবে ওই নথিপত্রে সাহারুলের জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ থাকার সূত্র পাওয়া গেছে বলে তদন্তকারী সংস্থার তরফে জানা গেছে। তবে এই এলাকার অন্য কোনও ব্যক্তি বা গোষ্ঠী এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে আপাতত সমস্ত তথ্য প্রকাশ করা হচ্ছে না বলে সূত্রের খবর।

ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। জইশ-ই-মহম্মদের সঙ্গে তাঁর যোগাযোগের প্রকৃত স্বরূপ, সম্ভাব্য হামলার পরিকল্পনা এবং এই চক্রে আরও কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে। তদন্তের স্বার্থে আপাতত বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না বলে সূত্রের খবর।

রাতাবাড়ির এক যুবকের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ সামনে আসায় শ্রীভূমি জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *