পুরভোটে সন্ত্রাসের অভিযোগ, জিবি হাসপাতাল সংলগ্ন এলাকায় সিপিএমের পথ অবরোধ, প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : পুরভোটকে কেন্দ্র করে ভোটার ও পোলিং এজেন্টদের বাধা দেওয়ার পাশাপাশি মহিলা প্রার্থীদের উপর হামলার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল জিবি হাসপাতাল সংলগ্ন এলাকা। ঘটনার প্রতিবাদে জিবি বাজারের সামনে পথ অবরোধে শামিল হন সিপিএম কর্মী-সমর্থকরা। প্রাক্তন সাংসদ শংকর দত্তের নেতৃত্বে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচি থেকে অবিলম্বে বহিরাগতদের সরিয়ে দেওয়া এবং নির্বাচনের নামে সন্ত্রাস সৃষ্টিকারী দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত বিভিন্ন ভোটকেন্দ্রে সিপিএমের পোলিং এজেন্টদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কয়েকজন পোলিং এজেন্টকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পাশাপাশি মহিলা প্রার্থীদের উপর বহিরাগত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলেও দাবি করেন তাঁরা। পুর এলাকার বাইরে থেকে আসা লোকজন স্থানীয় দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের।

অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পশ্চিম জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক ডঃ বিশাল কুমার, অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুবনাথ-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। সেখানে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন তাঁরা। প্রশাসনের পক্ষ থেকে অভিযোগগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাশাসক জানান, অতিরিক্ত পুলিশ সুপার বিক্ষোভকারীদের দাবিগুলি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। প্রশাসনের এই আশ্বাসের পর সাধারণ ভোটারদের ভোগান্তির কথা বিবেচনা করে অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেন বিক্ষোভকারীরা।

তবে অবরোধ প্রত্যাহার করলেও ভোটের দিন গণতান্ত্রিক অধিকার আক্রান্ত হয়েছে বলে অভিযোগ তুলেছেন সিপিএম কর্মী-সমর্থকরা। অন্যদিকে, বাকি সময়ের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ ও প্রশাসন। নির্বাচন কমিশনের নির্ধারিত নির্দেশিকা ও বিধি মেনেই পরিস্থিতি মোকাবিলার কথা জানিয়েছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *