২৭ মে : বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে ইতিহাস গড়লেন বাংলাদেশের সাহসী কন্যা নুরুননাহার নিম্নি। নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরিনের পর তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে তিনি এভারেস্টের চূড়ায় পৌঁছে দেশের জন্য বয়ে আনলেন এক অনন্য গৌরব।
বুধবার নেপালের স্থানীয় সময় ভোর ৫টা ২৪ মিনিটে ৮,৮৪৮.৮৬ মিটার উচ্চতার মাউন্ট এভারেস্টের চূড়ায় সফলভাবে আরোহণ করেন নুরুননাহার নিম্নি। এসময় বিশ্বের বুকে আবারও উড়লো বাংলাদেশের লাল-সবুজের পতাকা।
নেপালভিত্তিক অভিযানের ব্যবস্থাপনা সংস্থা ‘৮কে এক্সপিডিশন’-এর পক্ষ থেকে বিশিষ্ট শেরপা অ্যাঙ তেম্বা শেপরা আনুষ্ঠানিকভাবে নিম্নির এভারেস্ট জয়ের তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, ঢাকায় প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের সভাপতি ও এভারেস্টজয়ী ইকরামুল হাসান শাকিল নুরুননাহার নিম্নির এই ঐতিহাসিক সাফল্যে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, নিম্নির এই অর্জন দেশের পর্বতারোহণ ইতিহাসে নতুন এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা হল।



