বরাক তরঙ্গ, ২৬ মে : ভারতীয় স্টেট ব্যাংক ধলাই শাখার উদ্যোগে এবং শাখার সিএসপি তৈবুর রহমান মজুমদারের সহযোগিতায় মঙ্গলবার ইসলামাবাদ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে (হাজি মজাইদ আলী রুরেল হাইস্কুল সংলগ্ন) এক গুরুত্বপূর্ণ KCC Recovery Camp তথা সচেতনতা সভার আয়োজন করা হয়। কৃষক ও সাধারণ গ্রাহকদের ব্যাঙ্কিং পরিষেবার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করা এবং কিসান ক্রেডিট কার্ড (KCC) সংক্রান্ত ঋণ পুনরুদ্ধারকে কেন্দ্র করেই এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় স্টেট ব্যাঙ্ক ধলাই শাখার শাখা প্রবন্ধক সৌরভ কুমার। তিনি ইসলামাবাদ এলাকার KCC ঋণগ্রহিতাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে সময়মতো ঋণ পরিশোধের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, কৃষকদের আর্থিক স্বনির্ভরতা বজায় রাখতে এবং ভবিষ্যতে আরও সহজে ঋণ সুবিধা পেতে নিয়মিত ঋণ পরিশোধ অত্যন্ত প্রয়োজনীয়। তিনি ঋণগ্রহিতাদের প্রতি অতিসত্বর বকেয়া ঋণ পরিশোধের আবেদন জানান।
এছাড়াও সভায় শাখা প্রবন্ধক এলাকার সাধারণ জনগণের উদ্দেশ্যে ব্যাংকিং পরিষেবার বিভিন্ন দিক তুলে ধরেন। যাদের এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তাদের প্রত্যেককে নতুন অ্যাকাউন্ট খোলার আহ্বান জানান তিনি। বিশেষ করে প্রধানমন্ত্রী জনধন যোজনা (PMJDY) এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা (PMSBY)-এর সুবিধা গ্রহণের জন্য উপস্থিত জনগণকে উৎসাহিত করেন। তিনি জানান, এই সরকারি প্রকল্পগুলির মাধ্যমে সাধারণ মানুষ খুব সহজে ব্যাংকিং সুবিধা ও স্বল্প খরচে বীমা পরিষেবার আওতায় আসতে পারবেন।
সভায় ভারতীয় স্টেট ব্যাঙ্ক ধলাই শাখার সহকারি শাখা প্রবন্ধক দেবপম ভট্টাচার্য মহিলাদের আত্ম সহায়ক গোষ্ঠী গঠনের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। তিনি বলেন, আত্ম সহায়ক গোষ্ঠীর মাধ্যমে মহিলারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন এবং সরকারি বিভিন্ন প্রকল্প ও আর্থিক সুবিধা লাভের সুযোগ পান। উপস্থিত মহিলাদের তিনি আত্ম সহায়ক গোষ্ঠীর বিভিন্ন সরকারি সুবিধা ও ব্যাঙ্কিং সহায়তা সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন।
সভা শেষে শাখা প্রবন্ধক সৌরভ কুমার স্থানীয় হাজি মজাইদ আলি রুরেল হাই স্কুলে গিয়ে শিক্ষকমণ্ডলীর সঙ্গে এক আলোচনা সভায় অংশগ্রহণ করেন। সেখানে ভারতীয় স্টেট ব্যাঙ্ক ধলাই শাখার পক্ষ থেকে বিদ্যালয়ে টয়লেট নির্মাণের ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাব রাখা হয়। ব্যাংকের এই সামাজিক উদ্যোগকে বিদ্যালয় কর্তৃপক্ষ স্বাগত জানায়।
এদিনের KCC Recovery Camp ও সচেতনতা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজি মজাইদ আলি রুরেল হাইস্কুলের প্রধান শিক্ষক শাহনেওয়াজ হোসেন লস্কর, ভারতীয় স্টেট ব্যাংক ধলাই শাখার সিএসপি তৈবুর রহমান মজুমদার, ব্যাঙ্ক কর্মী গোবিন্দ পাল, বিশিষ্ট সমাজসেবক সাজান আহমেদ মজুমদার, গ্রুপ সদস্য বিনয় কুমার সিংহ, CSP সহকারি কর্মী সাহান আহমদ মজুমদার, শাকিব খান, আব্দুল হাসিম মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে এলাকার বহু মানুষ উপস্থিত থেকে ব্যাঙ্কিং পরিষেবা ও সরকারি প্রকল্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য লাভ করেন।



