শ্রীভূমি শহরের কৃত্রিম বন্যা, বেহাল রাস্তা ও ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধানের দাবি এসইউসিআই-র

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৬ মে : শ্রীভূমি শহরের কৃত্রিম বন্যা, বেহাল রাস্তা ও ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ফের সরব হলো এসইউসিআই (কমিউনিস্ট) দল। মঙ্গলবার দলের ‘করিমগঞ্জ’ জেলা সম্পাদক তথা রাজ্য কমিটির অন্যতম সদস্য অরুণাংশু ভট্টাচার্যের নেতৃত্বে এক প্রতিনিধি দল এনএইচআইডিসিএল কার্যালয়ে গিয়ে জেনারেল ম্যানেজার বিশ্বজিৎ দত্তের হাতে স্মারকপত্র তুলে দেয়।

দলীয় সূত্রে জানানো হয়েছে, গত ১৬ মে করিমগঞ্জ শহরে উপযুক্ত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং ভাঙাচোরা রাস্তার দ্রুত পুনর্নির্মাণের দাবিতে জেলা সদরে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনও সদুত্তর মেলেনি। এরই মধ্যে টানা বর্ষণে শহরের প্রায় ৭০ শতাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়। বিশেষ করে ব্রজেন্দ্র রোড ও সংলগ্ন এলাকার বাসিন্দারা রাস্তায় নেমে অবরোধে সামিল হন। পরে পৌরসভা নালা সংস্কারের কাজে নামতে বাধ্য হলেও সমস্যার স্থায়ী সমাধান এখনও অধরাই রয়ে গেছে বলে অভিযোগ দলের।

স্মারকপত্রে শহরের প্রধান সড়কের দ্রুত ও উন্নত মানের পুনর্নির্মাণের পাশাপাশি জমা জল নিষ্কাশনের স্থায়ী সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। প্রতিনিধিদল আলোচনায় জানায়, প্রবল বর্ষণে শহরের অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়ায় সাধারণ মানুষ চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন। ইতিমধ্যে কৃত্রিম বন্যার জেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনাও ঘটেছে। এছাড়া প্রায় প্রতিদিন দুর্ঘটনা, পথচারীদের আহত হওয়া, মোবাইল হারানো এবং টোটো উল্টে যাওয়ার মতো ঘটনা ঘটছে বলেও অভিযোগ তোলা হয়।

প্রতিনিধিরা আরও বলেন, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির যুগে উন্নত রাস্তা ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা কোনও কঠিন বিষয় নয়। অথচ সরকার, প্রশাসন ও এনএইচআইডিসিএলের ভূমিকা অত্যন্ত হতাশাজনক। তাদের চরম অবহেলা ও উদাসীনতাই আজকের পরিস্থিতির জন্য দায়ী বলে অভিযোগ ওঠে।

জবাবে এনএইচআইডিসিএলের জেনারেল ম্যানেজার বিশ্বজিৎ দত্ত জানান, সুতারকান্দি চেকগেট সংযোগী চার লেন সড়ক নির্মাণের দায়িত্ব তাদের উপর বর্তেছে। সেই কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত করিমগঞ্জ পেট্রোল পাম্প থেকে সেটেলমেন্ট রোড পর্যন্ত প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার রাস্তার রক্ষণাবেক্ষণের দায়িত্বও তাদের হাতে রয়েছে। পাশাপাশি নতুন করে উন্নত মানের রাস্তা নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে তিনি জানান। তবে এসইউসিআই (কমিউনিস্ট) দলের অভিযোগ, ভারী যানবাহন চলাচলের বিষয়টি জেনেও পূর্বে উন্নত মানের রাস্তা নির্মাণ করা হয়নি, যা সরকার ও সংশ্লিষ্ট দপ্তরগুলির ব্যর্থতারই প্রমাণ। দলের পক্ষ থেকে এনএইচআইডিসিএলের মাধ্যমে নিয়মিত রাস্তা সংস্কার এবং দ্রুত স্থায়ী সমাধানের দাবি পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি মাস্টার ড্রেনেজ পরিকল্পনা ছাড়া সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় বলেও আলোচনায় উঠে আসে।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অরুণাংশু ভট্টাচার্য হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে উপযুক্ত ড্রেনেজ ব্যবস্থা ও প্রধান সড়কের পুনর্নির্মাণের উদ্যোগ না নিলে বৃহত্তর জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে। একইসঙ্গে জেলা প্রশাসনের উদ্যোগে পুরসভা, পূর্ত বিভাগ, এনএইচআইডিসিএল, বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র-যুব সংগঠন ও বিশিষ্ট নাগরিকদের নিয়ে জরুরি বৈঠক ডাকারও দাবি জানান তিনি। স্মারকপত্র প্রদানকালে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রজ্জ্বল দেব, পিকলু দাস, সুজিত কুমার পাল, সঞ্চিতা শুক্ল, জয়দীপ দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *