বরাক তরঙ্গ, ২৬ মে : উধারবন্দের যমজ নৃত্যশিল্পী স্বর্ণাক্ষী ও স্বর্ণশ্রী এবার জনপ্রিয় রিয়েলিটি শো ‘ডান্স বেঙ্গল ডান্স’-এর টেলিভিশন রাউন্ডে অংশ নিতে চলেছে। মাত্র ৭ বছর বয়সেই তারা মেগা অডিশনে সাফল্য অর্জন করে আগামী ২০ জুন কলকাতায় অনুষ্ঠিতব্য টিভি রাউন্ডে জায়গা করে নিয়েছে। এই খবরে উচ্ছ্বসিত পরিবার-পরিজনসহ গোটা বরাক উপত্যকা।
উধারবন্দের নূপুর নৃত্য কেন্দ্রের শিক্ষার্থী স্বর্ণাক্ষী তালুকদার ও স্বর্ণশ্রী তালুকদার ছোটবেলা থেকেই নৃত্যের প্রতি আগ্রহী। মাত্র দু’বছর বয়সে মা ও নৃত্যগুরু মিত্রা সেনের হাত ধরেই তাদের নৃত্যজীবনের সূচনা। নিয়মিত অনুশীলন ও অধ্যবসায়ের মাধ্যমে অল্প বয়সেই তারা নিজেদের প্রতিভার পরিচয় দিয়েছে। বরাক উপত্যকা ছাড়াও বিভিন্ন রাজ্যের মঞ্চে অংশ নিয়ে ইতিমধ্যে একাধিক পুরস্কার অর্জন করেছে এই দুই খুদে শিল্পী।
তাদের বাবা সাংবাদিক স্নেহাংশু তালুকদার (গোবিন্দ) ও মা মিত্রা সেন জানান, মেয়েদের এই সাফল্যে পরিবার অত্যন্ত গর্বিত। মিত্রা সেন বলেন, “এটি শুধু আমাদের পরিবারের নয়, সমগ্র বরাক উপত্যকার জন্যই গর্বের মুহূর্ত। ভবিষ্যতে এখানকার আরও প্রতিভাবান শিশুদের জাতীয় স্তরের মঞ্চে তুলে ধরাই আমার লক্ষ্য।”
বর্তমানে স্বর্ণাক্ষী ও স্বর্ণশ্রী উধারবন্দের শিক্ষা সদন ইংলিশ মিডিয়াম স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করছে। লেখাপড়ার পাশাপাশি তারা নিয়মিত নৃত্য ও সঙ্গীতচর্চাও চালিয়ে যাচ্ছে।
দুই খুদে শিল্পীর আগামীর পারফরম্যান্স সফল হোক—এই কামনায় শুভেচ্ছা ও আশীর্বাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের এই সাফল্য বরাক উপত্যকার শিশু নৃত্যশিল্পীদের জন্য নতুন অনুপ্রেরণা হয়ে উঠবে বলেই মনে করছেন অনেকে।



