ঈদের সামগ্রী বিতরণ শাহ আয়ুব এডুকেশন্যাল অ্যান্ড চারিটেবল ট্রাস্টের

Spread the news

বরাক তরঙ্গ, ২৫ মে : হাইলাকান্দিতে শাহ আয়ুব এডুকেশন্যাল অ্যান্ড চারিটেবল ট্রাস্টের উদ্যোগে পবিত্র ঈদুজ্জোহা উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে ঈদের সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছরও ট্রাস্টের পক্ষ থেকে তেল, চিনি ও ময়দা তুলে দেওয়া হয় অভাবী মানুষের হাতে। সোমবার হাইলাকান্দি শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন হালকা ঘরে আয়োজিত এক মহফিলে উপস্থিত ছিলেন উত্তরপূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের কেন্দ্রীয় মুখ্য উপদেষ্টা আল্লামা সারিমুল হক লস্কর, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মওলানা ফয়েদ আহমেদ লস্কর, আলহাজ জামিল হোসেন লস্কর, জাহিদুল আলম বড়ভূইয়া সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আল্লামা সারিমুল হক লস্কর ঈদে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ গরুকে মাতৃসম সম্মান করেন, তাই এমন কোনো কাজ করা উচিত নয় যাতে তাঁদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। তিনি মুসলিম সমাজকে গরুর পরিবর্তে বিকল্প কোরবানি দেওয়ার আহ্বান জানান।

এছাড়াও তিনি গোহত্যা বন্ধ ও বিদেশে গোমাংস পাচার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একইসঙ্গে গরুকে রাষ্ট্রীয় পশু হিসেবে ঘোষণা করারও দাবি তোলেন তিনি। আল্লামা সারিমুল বলেন, ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম এবং সমাজে ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে সকলকে একযোগে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে ট্রাস্টের পক্ষ থেকে বহু দরিদ্র পরিবারের হাতে ঈদের সামগ্রী তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *