২৫ মে: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার আনুষ্ঠানিক অবসান ঘটাতে ইরানের সঙ্গে একটি ঐতিহাসিক শান্তি চুক্তি চূড়ান্তের পথে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি দাবি করেন, এই সংঘাতের মাধ্যমে তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের নির্ধারিত সব কৌশলগত লক্ষ্য পূরণ হয়েছে। বর্তমানে ভারত সফরে থাকা রুবিও রবিবার নয়াদিল্লিতে সাংবাদিকদের বলেন, “আমার বিশ্বাস, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ববাসী একটি বড় সুখবর পেতে যাচ্ছে।” তিনি আরও জানান, সম্ভাব্য এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র আরও নিরাপদ ও কৌশলগতভাবে শক্তিশালী অবস্থানে পৌঁছাবে—যে অবস্থানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশকে দেখতে চান। তার ভাষায়, “ইরানকে আর কেউ পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে ভয় বা উদ্বেগের কারণ মনে করবে না।”
এদিকে, মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, আলোচনায় থাকা খসড়া চুক্তি অনুযায়ী ইরান তাদের উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে সরে আসতে পারে। তেহরানের পক্ষ থেকেও এ বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে প্রাথমিক চুক্তি স্বাক্ষর ও পরবর্তী শর্ত নির্ধারণের পর। নিউ ইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে জানান, যুক্তরাষ্ট্র, ইরান এবং আরও কয়েকটি দেশের মধ্যে শান্তি চুক্তি ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে এবং এখন তা আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
ট্রাম্প আরও বলেন, এই চুক্তির আওতায় বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।



