অম্বরিশ মল্লিক পাচ্ছেন “যুব দর্পণ এক্সেলেন্ট অ্যাওয়ার্ড”

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ মে : চিরাং জেলার বিজনীর এক সাধারণ কৃষক পরিবারের সন্তান অম্বরিশ মল্লিককে সমাজসেবা, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং বাঙালি সমাজের উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ “যুব দর্পণ এক্সেলেন্ট অ্যাওয়ার্ডস ২০২৬”-এর জন্য মনোনীত করা হয়েছে।

আগামী ৩১ মে, রবিবার সন্ধ্যা ৪:৩০ মিনিট থেকে গুয়াহাটির চাত্রিবাড়িস্থ লোহিয়া লায়ন্স গৌহাটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে বর্ণাঢ্য “যুব দর্পণ এক্সেলেন্ট অ্যাওয়ার্ডস ২০২৬” অনুষ্ঠান। “যুব দর্পণ”-এর উদ্যোগে এবং “নেতাজি ছাত্র যুব সংঘ, শিলচর”-এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে অসমের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট সমাজসেবী, সাংস্কৃতিক কর্মী, উদ্যোক্তা ও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান করা হবে।

ছোটবেলা থেকেই সমাজ ও মানুষের জন্য কাজ করার প্রবল ইচ্ছা ছিল অম্বরিশ মল্লিকের। বিশেষ করে বিজনী তথা অসমের বাঙালি সমাজের কল্যাণে নিজেকে উৎসর্গ করার লক্ষ্য নিয়েই তাঁর সমাজসেবামূলক পথচলা শুরু হয়। ২০১৭ সালে “বাঙালি পরিষদ অসম”-এর মাধ্যমে চিরাং জেলার বিজনী আঞ্চলিক কমিটিতে স্থান লাভ করার পর থেকেই তিনি সক্রিয়ভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে শুরু করেন।

সমাজের দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসা, সরকারি প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই মানুষের আস্থা অর্জন করেন তিনি। দীর্ঘ পাঁচ বছর ধরে নিরলসভাবে মানুষের জন্য কাজ করার স্বীকৃতিস্বরূপ বাঙালি পরিষদ অসমের এক জেলা অধিবেশনে তাঁকে চিরাং জেলার সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়।

বর্তমানে তিনি বাঙালি পরিষদ অসমের রাজ্যিক সভাপতি শান্তনুকুমার সান্যাল এবং সংগঠনের উপদেষ্টা তথা বিধায়ক শিলাদিত্য দেবের আদর্শকে সামনে রেখে সমাজকল্যাণমূলক কাজ চালিয়ে যাচ্ছেন। তাঁর উদ্যোগে চিরাং জেলার বিভিন্ন অঞ্চলে রবীন্দ্র জয়ন্তী, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।

একজন সাধারণ কৃষক পরিবারের ছেলে হয়েও নিজের পরিশ্রম, সততা ও মানবিক মানসিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে চলেছেন অম্বরিশ মল্লিক। তাঁর এই সমাজসেবামূলক অবদানকে সম্মান জানিয়েই “যুব দর্পণ এক্সেলেন্ট অ্যাওয়ার্ডস ২০২৬”-এর জন্য তাঁকে মনোনীত করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *