স্মিথ লস্করের জন্মদিনে খেলোয়াড় ও কোচদের সংবর্ধনা জানাল স্পিরিট ইউনিয়ন ক্লাব জানিগঞ্জ

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ মে : সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে স্মিথ লস্করের জন্মদিন উদযাপন করল জানিগঞ্জের স্পিরিট ইউনিয়ন ক্লাব। অনুষ্ঠানে খো-খো, কবাডি সহ বিভিন্ন খেলায় জাতীয় স্তরে অংশগ্রহণকারী ৯ জন খেলোয়াড় ও কোচকে সংবর্ধনা জানানো হয়। এদের মধ্যে রয়েছেন ৭ জন খো-খো খেলোয়াড়, ১ জন কবাডি খেলোয়াড় এবং ১ জন কোচ। ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তাঁরা স্কুল, রাজ্য ও জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করেছেন।

অনুষ্ঠানে সভাপতির অনুপস্থিতিতে দায়িত্ব সামলান ডিএসএল ফুটবল খেলোয়াড় অতনু চৌধুরী। উপস্থিত ছিলেন হারান দাস, মধু শুক্লাবদ্ধ, মাসুম আহমেদ, কামাল লস্কর, অরিজিৎ গুপ্ত, নিয়ারলেন্দু দেব, নিলয় পাল, সুরজিৎ সোম, রঞ্জিত চৌধুরী ও গৌতম পাল সহ বিশিষ্ট ব্যক্তিরা। প্রত্যেকেই বক্তব্য রাখতে গিয়ে স্মিথ লস্করকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতেই ৯ জন খেলোয়াড় ও কোচকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। অতিথিরা তাঁদের হাতে জার্সি ও স্মারক তুলে দেন। গৌতম পাল তাঁর পিতা পূর্ণচন্দ্র পালের স্মৃতিতে খেলোয়াড়দের হাতে বিশেষ মোমেন্টো প্রদান করেন। সংবর্ধনা পেয়ে খেলোয়াড়রা আনন্দ প্রকাশ করে জানান, খো-খো ও কবাডি খেলোয়াড়দের এভাবে সম্মানিত করার ঘটনা তাঁদের জীবনে প্রথম। ভবিষ্যতেও তাঁরা এই সংস্থার পাশে থেকে খেলাধুলায় নিজেদের সেরাটা দেওয়ার আশ্বাস দেন।

বক্তারা রক্তদান ও সমাজসেবামূলক কাজের উপরও গুরুত্ব আরোপ করেন। অরিজিৎ গুপ্ত বলেন, খেলাধুলা মানুষের মন-মানসিকতাকে সুন্দর ও ইতিবাচক করে তোলে। সুরজিৎ সোম খেলোয়াড়দের সমাজের প্রতি দায়িত্ব ও রক্তদানের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।
নিয়ারলেন্দু দেব জানান, খেলাধুলার উন্নয়নে তাঁর ক্লাব সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। নিলয় পাল ক্লাবকে আর্থিক সহায়তা এবং চেয়ার-টেবিল দেওয়ার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানের শেষে সাধারণ সম্পাদক লস্কর বলেন, খেলোয়াড়দের উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও আরও খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হবে। তিনি বলেন, খো-খো খেলায় প্রচুর শারীরিক সক্ষমতা ও ধৈর্যের প্রয়োজন, তাই সকলকে নিয়মিত অনুশীলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

এদিন আরও ঘোষণা করা হয়, জুন মাসে ফুটবল, কবাডি, ভলিবল ও টেবিল টেনিসের কোচদের বিশেষ ট্র্যাকস্যুট প্রদান করা হবে। পাশাপাশি খোঁজ সংস্থার উদ্যোগে ১৫০ জন খেলোয়াড় ও ১০ জন কোচকে খেলাধুলার সামগ্রী দেওয়ার পরিকল্পনার কথাও জানানো হয়। শেষে আয়োজকদের পক্ষ থেকে হল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়। বৃষ্টির মধ্যেও সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উদ্যোক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *