বরাক তরঙ্গ, ২৩ মে : রাজ্যে দিন দিন সক্রিয় হয়ে উঠছে প্রতারক চক্র। এবার চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার শিকার হল নলছড়ের এক বেকার যুবক। অভিযোগ, কোচবিহারের বাসিন্দা তঞ্জুর আলি নামে এক ব্যক্তি এফসিআই মন্ত্রকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বিষ্ণনাথ ভৌমিক নামে এক যুবকের কাছ থেকে মোট ৫ লক্ষ ৯০ হাজার টাকা হাতিয়ে নেয়।
জানা গেছে, গত জানুয়ারি মাসে সামাজিক মাধ্যমে এফসিআই মন্ত্রকে নিয়োগ সংক্রান্ত একটি পোস্ট নজরে আসে বিষ্ণনাথের। সেখানে চাকরিপ্রার্থীদের একটি ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছিল। সেই সূত্র ধরেই অভিযুক্ত তঞ্জুর আলির সঙ্গে যোগাযোগ করেন তিনি।
অভিযোগ, বিভিন্ন প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করার পর প্রথমে বিষ্ণনাথের কাছ থেকে প্রায় সাড়ে চার লক্ষ টাকা নেয় প্রতারক। পরে তাকে একটি ভুয়া অফার লেটারও দেওয়া হয়। এরপর নির্বাচন চলার অজুহাত দেখিয়ে জানানো হয়, আপাতত চাকরিতে যোগদান সম্ভব নয়।
নির্বাচন শেষে পুনরায় যোগাযোগ করলে অভিযুক্ত জানায়, দপ্তরের আধিকারিক দিলীপ সাহা উপস্থিত নেই। পরে শিলিগুড়ির একটি ঠিকানা দিয়ে সেখানে যোগাযোগ করতে বলা হয়। সেই সময় আরও ১ লক্ষ ৪০ হাজার টাকা নেওয়া হয় বলে অভিযোগ।
ক্রমশ সন্দেহ হওয়ায় বিষ্ণনাথ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন। তখনই তিনি জানতে পারেন, পুরো বিষয়টি ছিল প্রতারণা। এরপর মেলাঘর থানায় একটি জিডি করার পাশাপাশি এনসিসি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে শুক্রবার বটতলা এলাকা থেকে অভিযুক্ত তঞ্জুর আলিকে গ্রেফতার করে পুলিশ। শনিবার তাকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলে এনসিসি থানার পুলিশ।
এদিকে সংবাদমাধ্যমের সামনে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন প্রতারণার শিকার যুবক। পাশাপাশি প্রতারিত টাকা ফেরত পাওয়ার দাবিও জানিয়েছেন তিনি।



